সমধারা

মার্চ ৬, ২০২৬ , ১১:৪১ অপরাহ্ণ

ঢাকায় মিরসরাইয়ানদের ইফতার ও দোয়া

সমধারা রিপোর্ট

রাজধানী ঢাকায় বসবাসরত চট্টগ্রামের মিরসরাই উপজেলার মানুষদের আয়োজনে প্রথমবারের মতো পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন দৃঢ় করতে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) ‘শিকড়ের টানে, মিরসরাইয়ের মৈত্রী বন্ধনে’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার ধানমন্ডি এলাকার একটি রেস্তোরাঁয় আয়োজিত অনুষ্ঠানে ঢাকায় বসবাসরত মিরসরাই উপজেলার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন৷ আর সবার অংশগ্রহণে অনুষ্ঠানস্থল মিরসরাইবাসীর মিলনমেলায় পরিণত হয়।

ইফতারের আগে অনুষ্ঠানের আয়োজক আইটি বিশেষজ্ঞ মাইনুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন মুগদা মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালে কর্মরত ডাক্তার বদরুল হায়দার চৌধুরী, বিমান বাংলাদেশ এয়ারলাইনসে কর্মরত মোহাম্মদ জসিম উদ্দিন, খবরের কাগজের অনলাইন বিভাগের শিফট ইনচার্জ কবি-সাংবাদিক সালেক নাছির উদ্দিন, কালের কন্ঠের বিশেষ প্রতিনিধি সাংবাদিক মুহাম্মদ জয়নাল আবেদীন, আজকের পত্রিকার মার্কেটিং বিভাগের প্রধান সাংবাদিক সিরাজুল ইসলাম সুমন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পরিচালক দিলরুবা আক্তার, সিএন্ডএফ ব্যবসায়ী শাহাদাত হোসেন, মনট্রিয়াল অ্যাপারেলস লিমিটেডের মার্চেনডাইজিং ম্যানেজার আবদুল্লাহ আল মামুন চৌধুরী, প্রথম আলোর ডিজিটাল মার্কেটিং বিভাগের ডেপুটি ম্যানেজার সেলিম উদ্দিন রিয়াদ, মিরসরাই কণ্ঠের সম্পাদক মোঃ শামসুদ্দিন শামস প্রমুখ।

এসময় বক্তারা আশা প্রকাশ করেন, নিজ এলাকার মানুষদের মাঝে আত্মিক সংযোগ, সহযোগিতা ও নানামুখী উন্নয়নের লক্ষ্যে একটি অরাজনৈতিক সুসংগঠিত প্ল্যাটফর্ম জরুরি ৷ ঈদের পরে আলোচনার মাধ্যমে নির্ধারণ হবে সংগঠনের নাম, দরকার একটি কমিটি এবং কার্যালয় ৷ যার মাধ্যমে ঢাকায় বসবাসরত মিরসরাই উপজেলার মানুষদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে এবং এলাকার সার্বিক উন্নয়ন ও কল্যাণে বিশেষ করে শিক্ষা ও স্বাস্থ্যখাতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের পথ সুগম হবে। এসময় তারা এমন উদ্যোগ ভবিষ্যতে আরও বড় পরিসরে নিয়ে যাওয়ার আহবান জানান।

প্রিন্ট/ডাউনলোডঃ ,

© স্বত্ব দৈনিক সমধারা ২০২৫

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

প্রিন্ট করুন

সেভ করুন