সমধারা

মে ১৫, ২০২৬ , ২:৩০ অপরাহ্ণ

সুরাঙ্গন খেলাঘর আসরের বর্ণিল আয়োজনে ‘খেলাঘর’-এর ৭৪ বছর উদযাপন

সমধারা ডেস্ক

উৎসবমুখর পরিবেশ ও নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় শিশু-কিশোর সংগঠন ‘খেলাঘর’-এর ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে সুরাঙ্গন খেলাঘর আসর। আজ শুক্রবার (১৫ই মে) সুরাঙ্গন খেলাঘর আসর প্রাঙ্গণে (চাইল্ডকেয়ার কিন্ডারগার্টেন মিলনায়তন) দিনব্যাপী এই বর্ণাঢ্য উৎসবের আয়োজন করা হয়।

সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজয় চন্দ্র রায়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা বাবু দেবাশীষ ভট্টাচার্য্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি টিটু রঞ্জন দাশ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ঋক ভট্টাচার্য্য।

প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন অতিথিবৃন্দ

প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা বাবু দেবাশীষ ভট্টাচার্য্য বলেন, শিশুদের সুস্থ মানসিক বিকাশ এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাঘরের মতো শিশু-কিশোর সংগঠনের ভূমিকা অপরিসীম। দীর্ঘ ৭৪ বছর ধরে খেলাঘর এই মহান দায়িত্ব পালন করে আসছে।

এবারের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে শিশুদের জন্য কুইজ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, কেক কাটা ও পুরস্কার বিতরণীসহ নানামুখী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল থেকেই শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং অভিভাবকদের উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয় চাইল্ডকেয়ার কিন্ডারগার্টেন মিলনায়তন।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশু-কিশোরদের অংশগ্রহণ

অনুষ্ঠানটি সফল করতে নিরলস কাজ করেছেন খেলাঘর প্রতিষ্ঠাবার্ষিকী উপকমিটির নেতৃবৃন্দ। আয়োজনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপকমিটির আহ্বায়ক আবিদ হাসান মেহেদী, যুগ্ম আহ্বায়ক অপি দেবনাথ, সদস্য সচিব পাপড়ি চক্রবর্তী, যুগ্ম সদস্য সচিব প্রিয়তোষ নন্দী এবং সদস্য কৃষ্ণ লাল শীল, শুভ রায়, জয় নাথ অনি, প্রীতি নাথ, প্রেম দাশ, আদিত্য চৌধুরী, প্রীতম নাথ ও এলভি দেবী।

সমাপনী বক্তব্যে আয়োজকেরা জানান, শিশুদের এই পথচলায় অভিভাবকদের সহযোগিতা সবসময়ই অনুপ্রেরণা হয়ে থাকবে। বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে আনন্দঘন এই আয়োজনের সমাপ্তি ঘটে।

প্রিন্ট/ডাউনলোডঃ ,

© স্বত্ব দৈনিক সমধারা ২০২৫

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

প্রিন্ট করুন

সেভ করুন