সমধারা

সেপ্টেম্বর ১০, ২০২৬ , ১০:০০ অপরাহ্ণ

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ২৫ কোটি টাকায় উন্নীত করার উদ্যোগ নেয়া হয়েছে: তথ্য প্রতিমন্ত্রী

সমধারা রিপোর্ট

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ৬ কোটি টাকা থেকে বাড়িয়ে ২৫ কোটি টাকায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

তিনি বলেন, সাংবাদিকদের কল্যাণে বরাদ্দ বাড়ানোর বিষয়ে ইতোমধ্যে প্রস্তাব করা হয়েছে এবং এ বিষয়ে মন্ত্রণালয় নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার(১০ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।

ইয়াসের খান চৌধুরী বলেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্টে সাংবাদিক ভাই-বোনদের কল্যাণের জন্য যে অর্থ বরাদ্দ আছে, তা এই মুহূর্তে ৬ কোটি টাকা। সেটা ২৫ কোটি টাকায় বৃদ্ধি করার জন্য ইতোমধ্যে আমরা প্রস্তাব করেছি।

‘যদি আমরা এই অর্থবছরে পুরোটা দিতে না পারি, আগামী অর্থবছরের মধ্যে ইনশাআল্লাহ ২৫ কোটি টাকা বরাদ্দ আমাদের সাংবাদিক ভাই-বোনদের জন্য অনুমোদন করা যাবে’, বলেন তথ্য প্রতিমন্ত্রী।

ডিআরইউর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের সঙ্গে অংশ নিতে পেরে আনন্দ প্রকাশ করে তিনি সংগঠনটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

এর আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান এবং তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীসহ অতিথিরা ডিআরইউর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান বক্তব্য রাখেন।

প্রিন্ট/ডাউনলোডঃ ,

© স্বত্ব দৈনিক সমধারা ২০২৫

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

প্রিন্ট করুন

সেভ করুন