কথাসাহিত্যিক শওকত আলীর প্রখ্যাত ছোটগল্প ‘কপিলদাস মুর্মুর শেষ কাজ’ অবলম্বনে নির্মিত হয়েছে একটি বিশেষ নাটক। উচ্চ মাধ্যমিক শ্রেণির পাঠ্য এই গল্পটির নাট্যরূপ ও চিত্রনাট্য রচনা করেছেন ড. মো. হারুনুর রশীদ। দিনাজপুর ও ঠাকুরগাঁও অঞ্চলের টাঙ্গন নদীর পাড়ের সাঁওতাল জনগোষ্ঠীর জীবন সংগ্রাম, সংস্কৃতি, শোষণ-বঞ্চনা এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার ইতিহাসকে কেন্দ্র করে নাটকটির কাহিনি গড়ে উঠেছে।
নাটকটির কেন্দ্রীয় চরিত্র প্রবীণ সাঁওতাল ও সাবেক মোড়ল কপিলদাস মুর্মু। জীবনের শেষ প্রান্তে এসে তাঁর স্মৃতির পাতায় ভেসে ওঠে শৈশব, কৈশোর ও যৌবনের নানা ঘটনা। এই স্মৃতির মধ্য দিয়েই উন্মোচিত হয় পুরো সাঁওতাল সমাজের সামাজিক বাস্তবতার চিত্র। নাটকের চূড়ান্ত দৃশ্যে প্রবীণ কপিলদাসের মাঝে আবারও জেগে ওঠে যৌবনের সেই প্রতিবাদী সত্তা—হাতে তীর-ধনুক নিয়ে তিনি শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়ান, যা পুরো জনগোষ্ঠীর অধিকার আদায়ের চেতনার প্রতীক হয়ে ওঠে।
গল্পের মূল আবহ ও আঞ্চলিকতা বজায় রাখতে ঠাকুরগাঁও ও দিনাজপুরের বিভিন্ন গ্রামীণ ও প্রাকৃতিক লোকেশনে দৃশ্যধারণ সম্পন্ন করা হয়েছে। এতে অভিনয় করেছেন আরিফুল ইসলাম আরিফ, রূপ কুমার গুহ ঠাকুরতা কড়ি, মোহনা, পূজা রায়, ইউনুস আলী, ড. মো. হারুনুর রশীদ, আবদুল মালেক এবং শিশুশিল্পী বিশালসহ স্থানীয় একঝাঁক অভিনেতা।
সাংস্কৃতিক সংগঠন ‘উর্বশী ফোরাম’-এর প্রযোজনায় এবং ‘নীল পলাশ মাল্টিমিডিয়া’-এর সহযোগিতায় নির্মিত এই নাটকটির সম্পাদনা ও অন্যান্য কারিগরি কাজ এখন শেষ পর্যায়ে। দ্রুতই নাটকটি টেলিভিশনে সম্প্রচারের পাশাপাশি ইউটিউবেও প্রকাশ করা হবে। প্রযোজক ও নির্মাতাদের আশা, সাহিত্য থেকে দৃশ্যশিল্পে এই রূপান্তরের মাধ্যমে নতুন প্রজন্ম সাঁওতালদের সমৃদ্ধ ঐতিহ্য ও ইতিহাস সম্পর্কে গভীরভাবে জানতে পারবে।
প্রিন্ট/ডাউনলোডঃ ,
© স্বত্ব দৈনিক সমধারা ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি