সমধারা

নভেম্বর ৭, ২০২৬ , ৫:২৯ অপরাহ্ণ

৭ নভেম্বর জনগণ ও সশস্ত্র বাহিনীর ঐতিহাসিক সংহতির দিন: শাহীদুল ইসলাম চৌধুরী

সমধারা রিপোর্ট

৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে বিশেষ তাৎপর্য বহন করে। সময়ের প্রয়োজনে যুগে যুগে নানা বিপ্লব সংঘটিত হলেও জনগণ ও সশস্ত্র বাহিনীর সদস্যদের মধ্যে ঐক্য ও সংহতির এমন বিরল দৃষ্টান্ত ইতিহাসে খুব বেশি দেখা যায় না। ১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশে সেই ঐতিহাসিক সংহতির প্রকাশ ঘটেছিল বলে মন্তব্য করেছেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী।

তিনি বলেন, সেদিনের সংহতি ছিল দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমানের প্রতি জনগণ ও সিপাহিদের সমর্থনের বহিঃপ্রকাশ। এই ঐতিহাসিক ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে জিয়াউর রহমান সাধারণ মানুষের কাছে একজন জনপ্রিয় নেতা হিসেবে প্রতিষ্ঠিত হন।

চট্টগ্রামের মিরসরাই উপজেলার সাহেরখালী ইউনিয়নের নুরুল উলুম ইদ্রিসিয়া দাখিল মাদরাসায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

শনিবার (৭ নভেম্বর) মাদরাসার অডিটোরিয়ামে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

মাদরাসার সহকারী শিক্ষক নজরুল ইসলামের সঞ্চালনায় এবং সুপারিনটেনডেন্ট মাওলানা মোহাম্মদ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি ও মিরসরাই উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী।

শাহীদুল ইসলাম চৌধুরী বলেন, ৭ নভেম্বরের বিপ্লব ও সংহতির চেতনা পরবর্তী সময়ের বিভিন্ন গণতান্ত্রিক ও রাজনৈতিক আন্দোলনে প্রেরণা জুগিয়েছে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানকেও তিনি সেই ঐতিহাসিক চেতনার ধারাবাহিকতার অংশ হিসেবে উল্লেখ করেন।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ভালো ফলাফল অর্জনের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেমের চর্চা করতে হবে। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে পরিবার, সমাজ ও দেশের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। এ সময় তিনি মাদরাসার শিক্ষার্থীরা আগামী পরীক্ষাগুলোতে আরও ভালো ফলাফল অর্জন করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন। পাশাপাশি শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা ও অভিভাবকদের সহযোগিতায় প্রতিষ্ঠানটির শিক্ষার মান আরও এগিয়ে যাবে বলে আশাবাদ জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম চট্টগ্রামের যুগ্ম আহ্বায়ক সাহাবুদ্দীন মোহাম্মদ হানিফ, মাদরাসা পরিচালনা কমিটির সদস্য মো. ইব্রাহিম ও আলহাজ মাহবুবুল হক প্রমুখ।

আলোচনা সভা শেষে দাখিল পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় মাদরাসার শিক্ষক, পরিচালনা কমিটির সদস্য, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রিন্ট/ডাউনলোডঃ ,

© স্বত্ব দৈনিক সমধারা ২০২৫

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

প্রিন্ট করুন

সেভ করুন