সমধারা

নভেম্বর ১১, ২০২৬ , ১০:২১ অপরাহ্ণ

ট্রাম্প-নেতানিয়াহুর রাজনৈতিক পরাজয়ে শান্তির নতুন আশা

সুমন পালিত

ইরান যুদ্ধের খেসারত দিতে হলো আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। সে দেশের মধ্যবর্তী নির্বাচনে হার মেনেছে ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি। ‘ট্রাম্পের গুরু’ নেতানিয়াহুরও নাক-কাটা গেছে ইসরায়েলের নির্বাচনে। ইরানের কাছে নাকানিচুবানি খাওয়ার কারণে। সবার জানা, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ক্ষমতায় আছেন ১৯ বছর ধরে। সে দেশের ইতিহাসে আর কারও পক্ষে এত দিন ক্ষমতায় থাকা সম্ভব হয়নি। জনপ্রিয়তার দিক থেকেও নেতানিয়াহু এগিয়ে। গত নির্বাচনে তাঁর ডানপন্থি ইহুদিবাদী জোট ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আবির্ভূত হয়। ১২০টি আসনের মধ্যে তারা পায় ৫৩টি আসন। তবে এ সংখ্যা সরকার গঠনের জন্য যথেষ্ট নয়। এজন্য দরকার ছিল ৬১টি আসন। নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী সাবেক সেনাপ্রধান গাদি আরজেনকটের চারদলীয় জোট নির্বাচনে পেয়েছে ৪৮টি আসন। নেতানিয়াহুর জোটের চেয়ে পাঁচটি আসন কম পেলেও তারা সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে। কারণ ইসরায়েলের নির্বাচনে ইহুদিদের দুই জোটের বাইরে ১৯টি আসন পেয়েছে ফিলিস্তিনিরা।

যাঁরা ফিলিস্তিনি নন আরব পরিচয়ে নির্বাচিত হয়েছেন। কারণ ইসরায়েলিরা ফিলিস্তিনিদের অস্তিত্বও স্বীকার করতে চায় না। এই কথিত আরবদের সমর্থন আরজেনকটের দিকে। ফলে নেতানিয়াহুকে নতুন সরকার গঠনের পর বসতে হবে বিরোধী দলে। তাঁর বিরুদ্ধে দুর্নীতির মামলা থাকায় জেলেরও অতিথি হতে পারেন তিনি।

ইসরায়েলে উগ্র ইহুদিবাদী নেতানিয়াহুকে ক্ষমতার বাইরে রাখা সম্ভব হয়েছে নেসেটের ১৯ আরব সদস্য একজোট হয়ে তাঁর বিরুদ্ধে অবস্থান নেওয়ায়। তবে নতুন সরকারে আরব কোনো মন্ত্রী নেওয়া হবে কি না, সে বিষয়টি স্পষ্ট নয়। ইসরায়েলে ইহুদিবাদী চেতনার ভিত খুবই শক্তিশালী। আরজেনকটের জোটসঙ্গীরা আরবদের বাদ দিয়েই সরকার গঠনের পক্ষপাতী। যদি মন্ত্রিসভায় আরব প্রতিনিধিত্ব না থাকে, তবে সে সরকারের পেছনে তাদের সমর্থন কতটা বজায় থাকবে তা প্রশ্নাতীত নয়।

দুই. যদি বলা হয়, দুনিয়ার সবচেয়ে যুদ্ধবাজ দেশ কোনটি? এ প্রশ্নের জবাবে ৯০ ভাগ মানুষ আমেরিকার দিকে আঙুল তুলবে। ১৪৯২ সালে ইউরোপীয় দস্যু ক্রিস্টোফার কলম্বাস আমেরিকা জয় করেন। সে দেশের আদিবাসীদের ওপর গণহত্যা চালানো হয়। ধর্ষণ করা হয় নারীদের। শিশুদের হত্যা করে কুকুরের খাদ্য বানানো হয়। তারপর সেখানকার মালিক মোক্তার হয়ে যায় তারা। আফ্রিকার বিভিন্ন দেশ থেকে কৃষ্ণাঙ্গদের ধরে এনে দাস বানানো হয়। ক্রীতদাসের বাজারে গরু-ছাগলের মতো কালো মানুষ বিক্রি হতো প্রকাশ্যে। শুরুতে আমেরিকা ছিল ব্রিটিশ উপনিবেশ। তবে একপর্যায়ে আমেরিকায় আসা ইউরোপীয়রা ব্রিটিশ শাসকদের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়ে। লড়াই করেই স্বাধীনতাও অর্জন করেন তাঁরা।

আমেরিকা ১৭৭৬ সালের ৪ জুলাই ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে। তারপরও সে দেশে দাসপ্রথা বহাল ছিল। রিপাবলিকান দল থেকে নির্বাচিত মহান প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন দাসপ্রথার বিরুদ্ধে রুখে দাঁড়ান। এ নিয়ে ১৮৬১ সালে গৃহযুদ্ধের মুখে পড়ে আমেরিকা। সে যুদ্ধে ১৮৬৫ সালে আব্রাহাম লিংকনের নেতৃত্বে দাসপ্রথা বিরোধীরা জয়ী হয়। আব্রাহাম লিংকন বলেছিলেন, দাসপ্রথা যদি অন্যায় না হয়, তবে পৃথিবীতে অন্যায় বলে কিছু নেই। তিনি বলতেন, দাসপ্রথা আর গণতন্ত্র একসঙ্গে চলতে পারে না।

ট্রাম্প ও নেতানিয়াহুর হারের পেছনে ইরানআমেরিকা এখন দুনিয়ার একমাত্র পরাশক্তি। দুনিয়ার প্রায় সব দেশ চলে তাদের কথাতে। কেউ তাদের অপকর্মের বিরোধিতা করলেই তারা ঝাঁপিয়ে পড়ে সে দেশের ওপর। আমেরিকার রাষ্ট্রযন্ত্র যুদ্ধবাজ এবং অশান্তির অবতার হিসেবে ভূমিকা রাখলেও সে দেশের সাধারণ মানুষ দুনিয়ার যেকোনো দেশের মতোই শান্তিবাদী। তবে সে দেশের শাসকগোষ্ঠীর চরিত্র ঠিক এর বিপরীত। যুক্তরাষ্ট্রের প্রতিটি নির্বাচনে সাধারণ মানুষ শান্তির পক্ষে ভোট দেন। কিন্তু রাষ্ট্রযন্ত্র যেহেতু যুদ্ধবাজদের নিয়ন্ত্রণে সেহেতু আমেরিকানদের শেষ পর্যন্ত হতাশ হতে হয়। ২০২৪ সালের নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প জয়লাভ করেন বাইডেনের যুদ্ধবাজ নীতির বিরুদ্ধে কথা বলে। ইসরায়েলকে মদত দেওয়া, বিভিন্ন দেশে সরকার পরিবর্তনে বিপুল অর্থ ব্যয়ের বিরুদ্ধে কথা বলে নিজের একটি ‘শান্তিবাদী চেহারা’ তুলে ধরেন তিনি। কিন্তু ক্ষমতায় এসে ট্রাম্প তাঁর শান্তির মুখোশ সরিয়ে ফেলেন। যুক্তরাষ্ট্রের মর্যাদা ধুলায় মিশিয়ে নেতানিয়াহুর কথায় ইসরায়েলের হয়ে ইরানের বিরুদ্ধে ‘প্রক্সি যুদ্ধে’ অংশ নেন। হাজার হাজার বছর ধরে সভ্য জাতি হিসেবে পরিচিত ইরানিদের ধ্বংস করার কাণ্ডজ্ঞানহীন কর্মকাণ্ডে মেতে ওঠেন। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের ধ্বংসযজ্ঞেও সমর্থন জোগান ট্রাম্প। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে অপহরণ করে সভ্য দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ করেন। শুধু মারণাস্ত্রের যুদ্ধ নয়, দুনিয়ার সব দেশের বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধেও জড়ান ট্রাম্প। বিভিন্ন দেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ঢালাওভাবে শুল্কারোপ করেন। ট্রাম্পের কাণ্ডজ্ঞানহীন আচরণ বৈশ্বিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলে। বেড়ে যায় বিশ্ববাজারে জ্বালানির দাম। পরিণতিতে সারা দুনিয়ার মতো যুক্তরাষ্ট্রের মানুষের জীবনজীবিকার খরচও বেড়ে যায়। সাধারণ মানুষের অসন্তোষের টার্গেটে পরিণত হন ট্রাম্প এবং তাঁর দল রিপাবলিকান পার্টি। সে অসন্তোষের ফলেই মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেস ও সিনেটে রিপাবলিকানরা তাদের নিয়ন্ত্রণ হারিয়েছে। ১৯৭০ দশকের পর এমন বড় পরাজয়ের সম্মুখীন হয়নি কোনো দল। এর ফলে ট্রাম্পের যুদ্ধবাজ মনোভাব সামাল দেওয়া সম্ভব হবে এমনটিই আশা করা হচ্ছে। ডেমোক্র্যাটরা যদি তাদের ঘোষিত শান্তিবাদী নীতি বহাল রাখে তবে ইরান যুদ্ধের ইতি ঘটাতে ট্রাম্প বাধ্য হবেন। মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনও সম্ভব হবে আমেরিকার ইসরায়েল তোষণনীতির অবসান হলে। মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল অবস্থার ইতি ঘটলে জ্বালানি তেলের বাজারে স্থিতিশীল অবস্থা ফিরে আসবে। বিশ্বমন্দার কারণে বাংলাদেশসহ দুনিয়ার বেশির ভাগ দেশের অর্থনীতি যে সংকটে ভুগছে, তা থেকে বেরিয়ে আসা সম্ভব হবে।

তিন. ইসরায়েল ও আমেরিকার দুই উন্মাদ নেতা নেতানিয়াহু ও ট্রাম্পের পরাজয় দৃশ্যত মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি করেছে। দুই দেশের মানুষই যুদ্ধবাজদের বিরুদ্ধে রায় দিয়েছে। তবে এ নিয়ে খুব আশাবাদী হওয়ার সুযোগ নেই। কারণ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে যে দলই জিতুক তাদের নোংরা স্বভাবে খুব একটা পরিবর্তন হয় না। কারণ দুই দেশের রাষ্ট্রযন্ত্র এমনই, সেই যন্ত্রে যে ঢুকবে সে-ই নোংরা দানবে রূপান্তরিত হবে। আমেরিকার সিনেট ও কংগ্রেসে নির্বাচনে ডেমোক্র্যাটরা বড় জয় পেলেও জানুয়ারি মাসের আগপর্যন্ত সেখানে রিপাবলিকানদের নিয়ন্ত্রণ থাকবে। এ সময়ে ট্রাম্প ইরানের ওপর ভয়াবহ হামলা চালালে তাতে বাধা দেওয়ার কেউ নেই। অন্যদিকে নেতানিয়াহু আরও যে কদিন ক্ষমতায় আছেন, এই সংক্ষিপ্ত সময়ে ফিলিস্তিনিদের ওপর আবারও চড়াও হতে পারেন, সে আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।

ইসরায়েলের নির্বাচনে যুদ্ধবাজ নেতানিয়াহুর পরাজয় হলেও ইহুদিবাদের পরাজয় হয়নি। বিরোধীদলীয় নেতা আরজেনকট যিনি ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে সরকার গঠন করবেন বলে মনে করা হচ্ছে, তিনি তাঁর প্রতিপক্ষের চেয়ে কম ইহুদিবাদী নন। ফিলিস্তিনি বা আরব সদস্যের সমর্থনে সরকার গঠন করলেও তাঁদের কাউকে সরকারে নিতেও চান না তিনি। আরজেনকট সোজাসাপ্টা ইহুদিবাদের পক্ষে অটল থাকার কথা বলেছেন। ফলে ইসরায়েলে সরকার পরিবর্তন হলেও ফিলিস্তিনিদের ভাগ্যে তেমন কোনো পরিবর্তন ঘটবে, জোর দিয়ে বলা যায় না। ফিলিস্তিনিদের জন্য সুখবর তাদের পক্ষে আন্তর্জাতিক সমর্থন বাড়ছে। আমেরিকার মানুষও ইহুদিবাদকে ভালো চোখে দেখছে না। এমনকি আমেরিকার অনেক ইহুদি ইসরায়েলের চণ্ডালনীতির বিরোধী। তাঁদের মধ্যে অন্যতম ডেমোক্র্যাট নেতা বার্নি স্যান্ডার্স। যিনি মনে করেন, ইসরায়েলের পেছনে আমেরিকার মদত বন্ধ হওয়া উচিত। ইসরায়েলের পাশাপাশি স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠা ও সহাবস্থানের পক্ষে তিনি। বার্নি স্যান্ডার্স মনে করেন, ইসরায়েলের টিকে থাকার অধিকার রয়েছে। তবে ফিলিস্তিনিদের ওপর যুদ্ধ চাপিয়ে কিংবা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে নয়।

ফিলিস্তিনের স্বাধীনতা অর্জন এবং ইসরায়েলের চণ্ডালনীতির অবসান ঘটাতে চাইলে তাদের প্রতি আন্তর্জাতিক সমর্থন সুদৃঢ় করতে হবে। ফিলিস্তিনের স্বাধীনতা-সংগ্রামের প্রতি একসময় জাপান ও বিভিন্ন পশ্চিমা দেশের প্রগতিশীল মানুষের সহানুভূতি ছিল। কিন্তু ইসরায়েলের মদতে সৃষ্ট হামাস ও ফিলিস্তিনি ইসলামিক জিহাদের মতো দলগুলোর আবির্ভাব প্রকারান্তরে ইসরায়েলের শক্তিই পাকাপোক্ত করেছে। ফিলিস্তিনিদের ঐক্যেও চিড় ধরেছে।

পাদটীকা : সংসদে কোনো রাজনীতিবিদকে কাঁদতে দেখা একটি বিরল ব্যাপার। আয়ারল্যান্ডের পার্লামেন্ট সদস্য থমাস গোল্ড ঠিক সেটাই করেন ২০২৪ সালের ২৮ মে গাজায় ইসরায়েলি গণহত্যার সময়। পার্লামেন্টে গাজা প্রসঙ্গে তাঁর ভাষণ বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে।

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির বিষয়ে ভাষণ দেওয়ার সময় এ আইরিশ এমপি কান্নায় ভেঙে পড়েন। সহকর্মীদের দিকে তাকিয়ে ‘আমি আশা করি, বেনিয়ামিন নেতানিয়াহু ঠিক সেভাবেই দোজখে পুড়বেন, যেভাবে ফিলিস্তিনি শিশুরা পুড়ে ছাই হয়েছে। ইসরায়েলের লজ্জা হওয়া উচিত। তারা যা করছে, তার জন্য তাদের লজ্জা হওয়া উচিত। থমাস গোল্ড হাজার হাজার শিশুর মৃত্যুর কথা উল্লেখ করে জানতে চান ইসরায়েলি জনগণের বিবেক কোথায় হারিয়ে গেছে।’ বলেন, ‘ফিলিস্তিনিরাও মানুষ-ঠিক আমাদের মতোই।’ তাঁর অশ্রুসজল ওই ভাষণের ভিডিও মাত্র কয়েক দিনের মধ্যেই লাখ লাখ বার শেয়ার হয়।

স্মর্তব্য, ২০২৪ সালের ২৮ মে নরওয়ে ও স্পেনের পাশাপাশি আয়ারল্যান্ডের পক্ষ থেকে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়। গাজার রাফার তাঁবু শিবিরে হামলার ঘটনার মাত্র কয়েক দিন পরেই তিনি এই ভাষণ দেন। ওই হামলায় ৪৫ জন ফিলিস্তিনি নিহত হন। যে আক্রমণকে ইসরায়েলের প্রধানমন্ত্রী পরবর্তী সময়ে একটি ‘দুঃখজনক ভুল’ হিসেবে আখ্যায়িত করেন।

লেখক : সিনিয়র সহকারী সম্পাদক, বাংলাদেশ প্রতিদিন

প্রিন্ট/ডাউনলোডঃ ,

© স্বত্ব দৈনিক সমধারা ২০২৫

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

প্রিন্ট করুন

সেভ করুন