সমধারা

নভেম্বর ১১, ২০২৬ , ১১:০৩ অপরাহ্ণ

সংসদে ঐক্যের সুর, বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ

খোন্দকার কাওছার হোসেন

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের পারস্পরিক বক্তব্য দেশের রাজনীতিতে এক বিশেষ তাৎপর্য বহন করে।

সীমান্তে ওপার থেকে উসকানিমূলক নানা কর্মসূচি এবং পতিত ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থানচেষ্টার পটভূমিতে স্বরাষ্ট্রমন্ত্রী দেশের গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখতে সরকারি দল, বিরোধী দল এবং সংসদের বাইরের দলগুলোর প্রতি একটি সুদৃঢ় ‘জাতীয় ঐক্য’ বজায় রাখার আহ্বান জানান।

প্রতিউত্তরে বিরোধীদলীয় নেতা এই আহ্বানকে স্বাগত জানিয়ে ২০২৪ সালের আন্দোলন-সংগ্রামের চেতনাকে ধারণ করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। দীর্ঘমেয়াদি স্বৈরাচারী শাসনের পর নতুন গণতান্ত্রিক ধারায় প্রবেশ করা একটি দেশের জন্য সংসদে শীর্ষ দুই রাজনৈতিক নেতার এই বোঝাপড়া নিঃসন্দেহে ইতিবাচক ও স্বস্তিদায়ক।

তবে রাজনীতির এই দৃশ্যমান ঐকমত্যের সমান্তরালে একটি মৌলিক ও জরুরি প্রশ্ন থেকে যায়: কেবল বক্তৃতার টেবিলে বা সংসদের ভেতরে যে জাতীয় ঐক্যের ডাক দেওয়া হয়, তা বাস্তব রাজনীতিতে কতখানি ফলপ্রসূ হতে পারে?

বিরোধীদলীয় নেতা ঠিকই আঙুল তুলেছেন একটি গুরুত্বপূর্ণ জায়গায়—শুধু রাজনৈতিক বক্তব্য বা সংসদে আলোচনার ফ্রেমে বন্দী থাকলে ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকানো যাবে না; এর জন্য প্রয়োজন দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ।

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের বড় শিক্ষা হলো—সংকটকালে বা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনগুলোর সময় রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐতিহাসিক ঐক্য গড়ে ওঠে, রাজপথ থেকে ক্ষমতায় কিংবা সংসদের রাজনীতিতে পৌঁছালে সেই ঐক্য খুব দ্রুত ফিকে হতে শুরু করে। ক্ষমতার রাজনৈতিক হিসাব-নিকাশ, দলীয় স্বার্থ রক্ষা এবং পরস্পরকে রাজনৈতিকভাবে কুপোকাত করার সংস্কৃতি সেই ঐতিহাসিক সংহতিকে নস্যাৎ করে দেয়। রাজনৈতিক বিভেদের এই ফাঁক গলেই সবসময় অগণতান্ত্রিক শক্তি বা অপশক্তি মাথার ওপর সওয়ার হওয়ার সুযোগ পায়। স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে যে আশঙ্কার কথা বলেছেন—সীমান্তের ওপার থেকে ধর্ম বা হরতালের নাম ভাঙিয়ে অস্থিরতা তৈরির চেষ্টা—তা মোকাবিলার প্রথম শর্তই হলো ঘর সামলানো। আর ঘর সামলানোর অর্থ হলো অভ্যন্তরীণ রাজনৈতিক অঙ্গনে পারস্পরিক শ্রদ্ধা ও জবাবদিহি নিশ্চিত করা।

সংসদে সরকারি ও বিরোধী দলের মধ্যে তর্ক-বিতর্ক ও অম্লমধুর সম্পাত থাকবে—এটাই স্বাভাবিক ও সুস্থ সংসদীয় চর্চার লক্ষণ। কিন্তু এই চর্চা যেন কেবল ক্ষমতার লড়াইয়ে পরিণত না হয়ে রাষ্ট্র পুনর্গঠনের অংশ হয়। ফ্যাসিবাদের পুনরুত্থান রুখতে হলে একে কেবল আইন-শৃঙ্খলা পরিস্থিতির সমস্যা হিসেবে দেখলে চলবে না। ফ্যাসিবাদ যে প্রশাসনিক, বিচারিক ও রাজনৈতিক কাঠামোর ওপর ভর করে মাথাচাড়া দিয়ে উঠেছিল, সেই কাঠামোগুলোর আমূল সংস্কার ও গণতান্ত্রিকীকরণ নিশ্চিত করাই হবে প্রধান ‘কার্যকর পদক্ষেপ’। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী না করে কেবল ঐক্যের স্লোগান দিয়ে ফ্যাসিবাদকে রুখে দেওয়া অসম্ভব।

একই সঙ্গে, সংসদে থাকা রাজনৈতিক দলগুলোকে মনে রাখতে হবে যে, ফ্যাসিবাদবিরোধী গণ-অভ্যুত্থানে সংসদের বাইরের নানা গোষ্ঠী, নাগরিক সমাজ এবং সর্বোপরি তরুণ প্রজন্মের বিরাট অবদান রয়েছে। জাতীয় ঐক্যের পরিধিকে তাই কেবল প্রথাগত রাজনৈতিক দলগুলোর মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না; রাষ্ট্র সংস্কার ও অগ্রযাত্রার প্রক্রিয়ায় সব অংশীজনকে শামিল করতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার এই সমঝোতামূলক সুর সংসদীয় গণতন্ত্রের জন্য একটি শুভলক্ষণ। কিন্তু জনগণ এখন দেখতে চায় কথার পর কাজের বাস্তবায়ন। অতীতে যেভাবে রাজনৈতিক নিপীড়ন ও দুঃসহ পরিস্থিতির মুখোমুখি জনগণকে হতে হয়েছে, তার পুনরাবৃত্তি ঠেকানোর দায়িত্ব দিনশেষে রাজপথে ও সংসদে থাকা সব রাজনৈতিক দলেরই।

ঐক্যের ডাক কেবল রাজনীতির কৌশল না হয়ে যদি সুশাসনের সুনির্দিষ্ট পদক্ষেপে রূপ নেয়, তবেই একটি ফ্যাসিবাদমুক্ত ও টেকসই গণতান্ত্রিক বাংলাদেশের ভিত্তিপ্রস্তর শক্তভাবে স্থাপিত হবে।

লেখক : খোন্দকার কাওছার হোসেন, সম্পাদক, দৈনিক ভোরের আকাশ।

প্রিন্ট/ডাউনলোডঃ ,

© স্বত্ব দৈনিক সমধারা ২০২৫

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

প্রিন্ট করুন

সেভ করুন