চুগলি
বদলায় দিন আর রাতের খোঁজ
জোনাকের দল গায় র্যাপ রোজ
পাল্টিয়ে সোনাযাদু পানশালায় হয় কাবু
হাবু, বাবু সব কাকু রঙিল চশমাটা পড়ে নেয়
তাই লোক লজ্জার ভয় নাই, এই জোস্!
পাল্টানো দিন আর রাতের খোজ,
কেউ রয় না দাড়িয়ে দূরে
ডাকে না ইশারায়, বদ লোক।
ইয়ে মানে
ই-বুক গেছে সব পা ছাড়িয়ে
উড়ে কেশে স্বপ্নের মায়াবতী হেসে হেসে
টাস করে বিজলী চমকালে
কার কি যায় আসে
হেডফোন কানে আছে
পুড়ে কাবাব হলেও ভয় নাই
হুঁশটাই গেছে যবে
কানটানা স্যার গেছে কবরে।
এখন সময় রোজ গোলাপের সৌরভের
কাঁটা’তে লাল সালু বেঁধে কাঁদে হাবুড়ে
পাল্টায় দিন আর যুগের হাওয়ার টান
ফিটফাট সেজেগুজে হাজিরাতে এসে ভাবে
সময় গেলে পাজী নামটাও বদলায়।
এপিটাফে জীবনের স্মৃতি
জীবন এপিটাফে চেয়ে থাকাটুকু স্মৃতি’
জীবনের এপিটাফে চোখ মেলে মন
বদলায় সম্মুখের চেনা পথ
নতুনে দেহ বিভ্রম
রুখতে রুখতে বাঁচতে চেয়ে দেখি,
নিজেকে ত্যাগ করাটা জরুরী বলে
আমি মৃতদের একজন।
তবুও কেউ কষ্ট দিতে দিতে ঢেউএর মতো
ভাসিয়ে দেয় একাকীত্ব,
মৃতদের কোন আপন লাগে না
তারা জীবিতদের কোষে কোষে
মিশে থাকে অনুভবের মেলায়,
সময় হলেই ঘুমের মতো মিলিত হবে
চিরস্বপ্ন অভিসারে।
পৃথিবীর চিরসবুজ প্রেম
হাত ধরে নিয়ে চলো
পিছুটান মরেছে জনমের ভরে
মরণের কান্না জুড়ে
কি আছে এমন পুণ্য-অপুণ্য ?
মনের ক্ষতে জেগে ওঠা রাত
দোর খুলে ছুটে চলা আঘাত ,
বাঁচে মন বয়স ভেঙ্গে, হাওয়ার বানে
কি এমন ভয় পরবস সনে ?
বহু আগের চোখ
মদিরায় মুদিত ভাবাবেগ,
হে উদাস!
হৃদয় কেঁদে জানায় পুরাতন শোক,
কি বা আছে প্রয়োজন ?
যন্ত্রণার যে স্মৃতিলোপ।
রাতে পাখি গাইবেনা নির্বাক ফুলের সুবাস,
পথ চলার আনন্দে গূঢ় রহস্যের আঁধার,
নিষ্ঠুর আবেগের সেই ক্ষণে
তবু প্রেম নিশ্চুপ!
বাঁচে মরণ জীবনের বুকে জড়িয়ে
পৃথিবীর যে প্রেম চিরসবুজ
চুপিসারে নিয়ে চলে হাত ধরে
কথাহীন কথাদানে অনুভব মর্মরে
রাতের গায়ে চাঁদ নির্ভয়ের পথছায়া
দাড়িয়ে যেমন।
অস্তিত্বের ছায়াবৃক্ষ
আমিতে জড়ায়ে আমরা ছায়াবৃক্ষের’
আমির ব্যবধানে
কতোটা বেদনা নিরুদ্দেশ হয় সংসারে?
তুলনা করতে পারো অন্য সুরে
দূরে, বহুদূরে!
কতদূরে? কতদূরে?
আমি নেই এমন কোথায় স্থান?
আমিহীন শূন্য বাতাসে উড়ে বালি।
আমি ছাড়া অর্থহীন জীবন কাব্য কালি।
আমিতে জড়ানো আঁচল,খসে পড়া গাছের বাকল।
আমিই ফুুলের মতো ঝরে মুকুলের সুরভিত মন।
আমার চোখ রঙের সাক্ষী, রাতের সাক্ষী
বেদনা বা শুরু-শেষ এর বিভ্রম জুড়ে
আমি রই অদৃশ্য স্পন্দনে মিলেমিশে
ক্ষুধার দেহে আঁকা মনের ঢেউ’এ।
আমার মন সাক্ষী, রক্ত সাক্ষী
আমি ছাড়া বাকি সব সবুজ ধানের তোড়া
আমি ছায়া নিমিষে ধোয়া ধুলো রাত জাগা
সেটুকুও ছায়া ফেলে আঁধার স্মৃতিলোপ
পৃথিবীর বাইরে নরক তবু মানুষের স্বর্গ লোভ!
মিশবে বলে, পিষবে বলে
একমাত্র মরার চোখ সাক্ষী
আমি আর্কিয়া প্রজননে অনুলিপি
দৈব প্রাণের কাছে বদলের দেহ ছবি,
আমি আছি হাওয়া জুড়ে জীবন গানের ঠাঁই
হৃদয়ে হৃদয় মিশে আমরা যাযাবর কাব্য শাঁই।
স্বরূপা অশ্রুত। জন্ম ১৯৮০। স্বরূপার জীবনদর্শনের কেন্দ্রে রয়েছে মানুষ হয়ে ওঠার আকাঙ্ক্ষা। তাঁর বিশ্বাস, ‘জন্মেছি মানুষ হওয়াটাই জরুরি, মানুষ করতেই বাকি সব।’ এই বক্তব্যের মধ্যেই তাঁর কবিসত্তার মৌলিক পরিচয় নিহিত। তাঁর কাছে কবিতা নিছক শব্দের বিন্যাস নয়; বরং মানুষ, সমাজ, সময় ও নিজের অস্তিত্বকে বোঝার এক নিরন্তর প্রচেষ্টা। স্বরূপা এমন একজন কবি, যাঁর কবিতায় কখনো ব্যঙ্গের আড়ালে সমাজ, কখনো বিষাদের ভেতর জীবন, কখনো প্রেমের ভেতর মৃত্যু, আবার কখনো ব্যক্তিসত্তার ভেতর সমষ্টির অন্বেষণ ধরা পড়ে। তাঁর কবিতার ভাষা কোথাও সরল, কোথাও দুর্বোধ্য ও বিমূর্ত। এই বিমূর্ততার মধ্যেই তিনি নিজস্ব প্রকাশভঙ্গি নির্মাণের চেষ্টা করছেন।
প্রিন্ট/ডাউনলোডঃ ,
© স্বত্ব দৈনিক সমধারা ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি