সমধারা

নভেম্বর ১৯, ২০২৬ , ৯:২৮ অপরাহ্ণ

দীর্ঘ অপেক্ষার স্বীকৃতি, এবার নিজ দেশে ফেরার প্রত্যাশা রোহিঙ্গাদের

সমধারা রিপোর্ট

কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবিরে তখন সন্ধ্যা নেমেছে। সবার চোখ টেলিভিশনের বড় পর্দার দিকে। হঠাৎ চিৎকারে ফেটে পড়ে আবালবৃদ্ধবনিতা। কারো চোখ দিয়ে আবেগে পানি গড়িয়ে পড়ছে। কেউ বা সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাচ্ছেন। ছোট্ট শিশুরা কিছু বুঝুক বা না বুঝুক, আশপাশ দেখে খুশিতে লাফাচ্ছে।

এত আনন্দ, এত উল্লাসের কারণ একটাই। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সামরিক অভিযান চালিয়ে সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রায় ১০ হাজার মানুষ হত্যা, ধর্ষণ এবং গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়ার ঘটনায় মিয়ানমার রাষ্ট্রকে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করেছেন জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। রায় ঘোষণা করা হয় নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে আইসিজের সদর দপ্তর থেকে। আফ্রিকার দেশ গাম্বিয়া সাত বছর আগে মিয়ানমারের বিরুদ্ধে মামলাটি করেছিল।

সেই রায় বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় দ্য হেগ থেকে হাজার হাজার মাইল দূরে কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দাদের কাছে পৌঁছে যায়।

সরেজমিনে দেখা যায়, এদিন আন্তর্জাতিক আদালতের রায় সরাসরি দেখার জন্য উখিয়ার ১, ১৩ ও ১৫ নম্বর ক্যাম্পে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। বসানো হয়েছে বড় পর্দা। বিকেল থেকে হাজারো রোহিঙ্গা নারী-পুরুষের দৃষ্টি পর্দায় নিবদ্ধ।

রায় শুনে কক্সবাজার শহর থেকে ৫২ কিলোমিটার দূরের উখিয়ার লম্বাশিয়া আশ্রয়শিবিরই নয়, উখিয়া ও টেকনাফের ৩৩টি ক্যাম্পেই ছড়িয়ে পড়ে খুশির আমেজ। গণহত্যা চালানোর দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে দেওয়া আইসিজের এই ঐতিহাসিক রায়ে মুখে হাসি ফুটে উঠে তাদের, যাদের কোনো রাষ্ট্র নেই। রাখাইনে দিনের পর দিন, মাসের পর মাস মিয়ানমারের শাসকগোষ্ঠীর অত্যাচার সইতে না পেরে তারা পালিয়ে আসে সীমান্তের এপারে। ঠাঁই হয় কক্সবাজারের আশ্রয়শিবিরে। দেশে ফেরার তীব্র আকাঙ্ক্ষা তাদের সবার বুকে। কিন্তু বিধি বাম। মিয়ানমার রাষ্ট্র তার নাগরিকদের নিতে চায় না। রাখাইনকে তাদের বসবাসযোগ্য করতে চায় না।

তাই রাষ্ট্রহীন এই মানুষদের আশা, যদি আইসিজে বৃহস্পতিবার তাদের পক্ষে রায় দেন, আন্তর্জাতিক চাপে একদিন তারা মাতৃভূমিতে ফিরতে পারবেন। সেই আশার ঝলক আজ তাদের চোখেমুখে।

যদিও পুরোপুরি শঙ্কামুক্ত হতে পারছেন না রোহিঙ্গারা। আনন্দের পাশাপাশি তাদের মনে কাজ করছে অনিশ্চয়তাও। তারা মনে করেন, বিশ্বসম্প্রদায়ের জোরালো ও কার্যকর আন্তর্জাতিক চাপ ছাড়া মিয়ানমার কখনোই এই রায় বাস্তবায়ন করবে না।

রোহিঙ্গাদের নেতা জামাল হোসেন বলেন, ‘এমন রায়ে রোহিঙ্গারা খুশি। তবে আমাদের শঙ্কা রায় বাস্তবায়ন নিয়ে। আন্তর্জাতিকভাবে যেমন রায় ঘোষণা করা হয়েছে, তেমনি আমরা চাই বিশ্বনেতারা আন্তর্জাতিকভাবেই রায়টি বাস্তবায়নের ব্যবস্থা নেবেন।’

রোহিঙ্গাদের আরেক নেতা আবুল আলম বলেন, ‘এ রায় বিশ্ববিবেককে জাগাবে। তবে আমরা যাতে মর্যাদার সঙ্গে নিজ দেশে ফিরতে পারি, সেজন্য মিয়ানমারের ওপর চাপ আরও বাড়াতে হবে।’

কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে বসবাসকারী ও এনজিও পরিচালিত একটি লার্নিং সেন্টারের শিক্ষিকা কুলসুমা আকতার বলেন, ‘এই রায়ের জন্য আমরা গাম্বিয়াকে ধন্যবাদ জানাই। তবে রোহিঙ্গারা সবচেয়ে বেশি কৃতজ্ঞ বাংলাদেশ ও এ দেশের মানুষের কাছে।’

ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গার (ইউসিআর) সাবেক সভাপতি সৈয়দ উল্লাহ বলেন, ‘এ রায়ে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়বে এবং আমাদের নিজ দেশে ফেরার পথ তৈরিতে ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।’

ফ্রি রোহিঙ্গা কোয়ালিশনের সহপ্রতিষ্ঠাতা নে সান লুইনের মতে, প্রকৃত ন্যায়বিচার মানে শুধু আদালতের রায় নয়। রায়ে আন্তর্জাতিক স্বীকৃতি, নাগরিকত্ব, হারানো অধিকার ফিরে পাওয়া এবং নিরাপদে নিজ দেশে ফেরার সুযোগ দেওয়া হয়েছে। তবে তিনি এ রায়ের দ্রুত বাস্তবায়ন চান।

কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘আইসিজের রায় রোহিঙ্গাদের পরিচয় ও অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে মিয়ানমারের তাদের ‘বহিরাগত’ হিসেবে উপস্থাপনের বয়ানের বিপরীতে আন্তর্জাতিক ভিত্তি তৈরি হয়েছে।

প্রিন্ট/ডাউনলোডঃ ,

© স্বত্ব দৈনিক সমধারা ২০২৫

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

প্রিন্ট করুন

সেভ করুন