সকল মেনু

শিশুসাহিত্যে সমধারা সাহিত্য পুরস্কার পাচ্ছেন আমেরিকান গবেষণা বিজ্ঞানী ড. ধনঞ্জয় সাহা

‘সমধারা সাহিত্য পুরস্কার-২০২৬’ ঘোষণা করা হয়েছে। শিশুসাহিত্যে এই পুরস্কার পাচ্ছেন জনপ্রিয় শিশুসাহিত্যিক ও প্রবাসী বিজ্ঞানী ড. ধনঞ্জয় সাহা।

এ ছাড়া কবিতাসাহিত্যে কবি আদ্যনাথ ঘোষ ও কথাসাহিত্যে ও সাংবাদিক মোস্তফা কামালের নাম ঘোষণা করা হয়েছে।

শনিবার (২৬ জুলাই) সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের মওলানা আকরাম খাঁ হলে সমধারা সম্পাদকীয় বোর্ড এ পুরস্কার ঘোষণা করে। ঘোষণা সভায় উপস্থিত ছিলেন সমধারা সম্পাদকমণ্ডলীর উপদেষ্টা কবি ও প্রাবন্ধিক ফরিদ আহমদ দুলাল, কবি নজমুল হেলাল, সমধারা সম্পাদক ও প্রকাশক সালেক নাছির উদ্দিন।

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য সমধারা ১২তম কবিতা উৎসবে এই পুরস্কার দেওয়া হবে। পুরস্কার হিসেবে তিনগুণীকে সমধারা স্মারক, নগদ অর্থ এবং উৎসব সংখ্যা নিবেদন করে প্রকাশিত হবে। এ ছাড়া গুণীদের সাহিত্যকর্ম নিয়ে একটি প্রযোজনা উৎসবের দিন উপস্থাপন করা হবে।

শিশুসাহিত্যিক ড. ধনঞ্জয় সাহা মতলবের মোহনপুরে মেঘনা পাড়ে বেড়ে উঠেন। প্রাইমারী স্কুলে পড়ার সময় থেকেই ছড়া দিয়ে শুরু করেন লেখালেখি। তারপর লেখেন স্কুল-কলেজের দেয়াল পত্রিকায় এবং বিশ্ববিদ্যালয় ম্যাগাজিনে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে সনদ লাভের পর ১৯৮২ সালে চলে যান যুক্তরাষ্ট্রে এবং রাটগার্স  ইউনিভারসিটি থেকে মাস্টার্স ও যুক্তরাজ্যে ইউনিভারসিটি অফ সারে থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। কাজ করেছেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞানী, অধ্যাপক ও প্রশাসক হিসেবে।

দেশ-বিদেশে শতাধিক বিজ্ঞান সেমিনারে আমন্ত্রিত হয়েছেন বক্তা হিসেবে, দেশ-বিদেশের সাহিত্য উৎসবে অতিথি হিসেবে পাঠ করেছেন নিজের কবিতা ও ছড়া।

নানা দেশে বিভিন্ন পত্র-পত্রিকা ও সংকলনে তার লেখা গল্প, ছড়া ও কবিতা ছাপা হচ্ছে বাংলা এবং ইংরেজিতে। লেখালেখির জন্য পুরস্কৃত হয়েছেন বেশ কয়েকটি দেশ থেকে। তার শিশুতোষ ছড়া বাংলা সাহিত্যে আনতে চেষ্টা করছে এক নতুন ধারা যা ইতিমধ্যেই সাড়া জাগিয়েছে পাঠক মহলে।

তিনি নিউইয়র্কে বেঙ্গলি ইন্টারন্যাশনাল লিটারারি সোসাইটির প্রতিষ্ঠাতা এবং নিউ ইয়র্কে রকলেন্ড রিট্রিট এন্ড বুক ফেয়ারের পৃষ্ঠপোষক ও আয়োজক।

সমধারা কবিতা উৎসব বাংলা সাহিত্য ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এ উৎসব কবি, লেখকদের জন্য বাৎসরিক মিলনমেলা। এতে করে নতুন প্রতিভাদের বিকাশের সুযোগ তৈরি হয়।

ইতিপূর্বে ১১টি উৎসব অনুষ্ঠিত হয়েছে। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ছায়ানটে ১২তম উৎসব অনুষ্ঠিত হবে। সাহিত্য পুরস্কার এ উৎসবের প্রধান কেন্দ্রে থাকে। যেখানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য কবি, সাহিত্যিকদের সম্মাননা দেওয়া হয়।

নির্মলেন্দু গুণ, হেলাল হাফিজ, সেলিনা হোসেন, মুহম্মদ নুরুল হুদা, মৃণাল বসু চৌধুরী, ফরিদ আহমদ দুলাল, ইমদাদুল হক মিলন, হরিশংকর জলদাশ, সরোজ দেব, বিশ্বজিৎ চৌধুরী, ওমর কায়সার, মজিদ মাহমুদ, রহীম শাহ, স.ম সামশুল আলম, ধ্রুব এষসহ উল্লেখযোগ্য কবি, লেখক এ পুরস্কার গ্রহণ করে সমধারাকে সমৃদ্ধ করেছেন।

উল্লেখ্য, ২০২৫ সালে চার প্রবাসী কবি মুহাম্মদ ইকবাল, শামীম আহমদ, আজিজুল আম্বিয়া ও সেলিম রেজা সমধারা সাহিত্য পুরস্কার গ্রহণ করেছেন। প্রবাসীদের নিয়ে এটা প্রথম আয়োজন। ২০২৬ সালে আমেরিকান প্রবাসী শিশুসাহিত্যিক ড. ধনঞ্জয় সাহা শিশুসাহিত্যে সমধারা সাহিত্য পুরস্কার গ্রহণ করবেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

TOP