সকল মেনু

তাহমিনা শিল্পী’র ১০ কবিতা

প্রেমের কাছেই

প্রেমের কাছে পড়ে থাকতে ইচ্ছে করে
আমি আর কোথাও যেতে চাই না
পথের ডাক আছে, সময় হাতছানি দেয়
তবু বুকের ভেতর একটি স্থির দুপুর
আমাকে থামিয়ে রাখে
প্রেম এখানে শব্দ করে না, নীরবে বসে থাকে
চায়ের কাপের পাশে, অগোছালো বইয়ের ভাঁজে
আমার ক্লান্ত নিঃশ্বাসের ঠিক নিচে
আমি অনেক দূর হেঁটেছি,
অনেক ঠিকানা বদলেছি,
কিন্তু কোথাওই এতটা আপন হয়নি
যতটা তোমার নামের পাশে এই অনির্দিষ্ট থাকা
যদি প্রশ্ন করে কেউ, গন্তব্য কোথায়?
আমি বলি, প্রেমের কাছেই
এর বাইরে আর কোনও যাত্রা
আমার আর কোথাও যাবার দরকার নেই।

 

দূরত্বকে আদরে রাখছি

ছুঁয়ে দেখার লোভটাকে বেশ আস্কারা দিয়েছি
তাই না ছুঁয়েও, বারবার তোমাকে ছুঁয়ে ফেলছি
নিজের ভেতরের তুমিটাকে যত্নে রাখেছি।
চোখের এক কোণে জমে থাকা আলো
দূরত্বে থাকা তুমিটাকেও স্পষ্ট দেখতে পাচ্ছে
এসবও তো স্পর্শেরই অন্য নাম।
ভালোবাসা মানে সবসময় বাস্তবিক স্পর্শ নয়
ভালোবাসা মানে কখনও কখনও
ছুঁতে না পারার শালীনতা।
তাই দূরত্বকে আদরে রাখছি
যেন স্পর্শের লোভ আমাদেরকে আলাদা না করে দেয়।

 

তোমার নামের পাশে শূন্যতা

তোমার নামের পাশে
শূন্যতা লিখে দিলাম
কিন্তু শূন্যও তো একটি সংখ্যা
তারও মান আছে।
তুমি না থেকেও
আমার জীবনের
সমীকরণে
অপরিহার্য।

 

রোদ মেখেছি তোমার নামে

রোদ নেমে আসে ধীরে
আমি তাকে গায়ে মাখি
তোমার নামে।
তোমার কথা ভাবলেই
হিমেল বাতাস
অল্প উষ্ণ হয়ে ওঠে,
চায়ের কাপে কুয়াশা
নিঃশ্বাস নেয়।
আমাদের প্রেম শীতকালীন
সকালের রোদে বসে থাকা
চুপচাপ হাত গরম করা
একটি নীরব দুপুর।
রোদ মেখে বসে থাকি
তোমার অনুপস্থিতির পাশে।
শীত জানে
কিছু ভালোবাসা
আগুন চায় না
শুধু একটু রোদই যথেষ্ট।

 

তুমি একটি বিরামচিহ্ন

তুমি আমার বাক্যের ভেতর
একটি অপ্রত্যাশিত কমা
যেখানে অল্প থামতে শিখেছিলাম।
তারপর দাঁড়ি টেনে দিলে
সব উচ্চারণ থেমে গেলো
সব প্রশ্ন হতো মানবিক।
জীবন হাঁটে,দৌড়ায়,
কিন্তু শ্বাস নেয় না।

 

নীরব নোটিফিকেশন

তুমি আর বার্তা পাঠাও না,
তবু প্রতিদিন
হৃদয়ের স্ক্রিনে সবুজ আলো জ্বলে ওঠে।
ভালোবাসি লিখে ম্যাসেজ পাঠাই
সীন হয় না।
উত্তর নেই,
তবু মুছে ফেলতে পারি না।
তোমার অনুপস্থিতি
আজকাল সবচেয়ে সক্রিয়।

 

আমাদের প্রেম ছিল অস্থায়ী শহর

আমাদের প্রেম ছিল একটি অস্থায়ী শহর
কাগজের ঘর, স্বপ্নের রাস্তা।
তুমি ছিলে শেষ ট্রেন, আমি প্ল্যাটফর্ম।
শহর ভেঙে গেছে, কিন্তু মানচিত্রে
আজও তোমার নাম লেখা।

 

তুমি না থাকলে ঘর শব্দ করে

তুমি না থাকলে
ঘর শব্দ করে।
চেয়ারের ফাঁক
দেয়ালের দাগ
সবাই কথা বলতে চায়।
তুমি থাকলে
নীরবতা ছিল সাজানো।
এখন নীরবতাও
অগোছালো।

 

একটি অসমাপ্ত চিঠি

আমি তোমাকে একটি চিঠি লিখেছিলাম, শেষ করিনি
কিছু অনুভূতি পূর্ণচ্ছেদ চায় না
অসমাপ্ত থাকাটাই সবচেয়ে সত্য।
আমার চিঠিটি তোমার ঠিকানায় না পৌঁছালেও
তুমি আমার অন্তরে পৌঁছে গেছে।

 

পথ কেবল তোমাকেই চেনে

তোমার সঙ্গে আমার দূরত্ব
এখন আর কিলোমিটারে নয়,
স্মৃতিতে মাপা হয়।
একটি গান
একটি বিকেল
হঠাৎ থেমে যাওয়া সুর
পরিপাটি স্বপ্ন
সব তোমার দিকেই যায়।
তুমি কাছে নেই,
কিন্তু পথ কেবল তোমাকেই চেনে।

তাহমিনা শিল্পী। কবি, লেখক ও সাংবাদিক। জন্ম নভেম্বর’১৯৭৭। রাজৈর, মাদারীপুর। ছোটবেলা থেকেই কবিতা লেখা শুরু। পরবর্তীতে কবিতার পাশাপাশি ছোটগল্প, প্রবন্ধ, ভ্রমন গদ্য এবং শিশুতোষ গল্প লিখছেন। প্রকাশিত বইয়ের সংখ্যাঃ ১৪টি।  ১৩ টি একক, ১টি সম্পাদিত। কাব্যগ্রন্থ৪টি, গল্পগ্রন্থ ৫টি, শিশুতোষ গল্পগ্রন্থ ৪টি। বইমেলা ২০২৬ এ প্রকাশের অপেক্ষায় রয়েছে ১টি গল্পগ্রন্থ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

TOP