সকল মেনু

নদী, নিঃসঙ্গতা ও নক্ষত্রের কবি তাসমিয়া তহুরা’র কবিতা

ফিরিয়ে দাও

প্রাচুর্যতার প্রাচীরে আমি বড্ড বেমানান;
বসন্ত আবাহনে ঝরাপাতার ক্ষতস্থানে অঙ্কুরিত কিশলয়ের ফাঁকে কোকিলের কুহুকুহু তানে আমার মন মাতোয়ারা।
আমি ব্রহ্মপুত্র পাড়ের মেয়ে,আমি মগড়ার।
জন্মাবধি অট্টালিকার আষ্টেপৃষ্টে কয়েদির মতো বন্ধীত্বের বেড়াজালে বেড়া উঠা প্রকৃতির প্রয়োজনে অভিশাপ!
মামাবাড়ির মেঠোপথ,হেমন্তের অবারিত তেপান্তর কে ফিরিয়ে দেবে আমায়;
গোল্লাছুটের সেই দিনগুলি।
আগামীর নগ্ন শিশুর কানে কানে ভূতপ্রেতের কেচ্ছাকাহিনী শুনিয়ে ঘুমপাড়ানি মা হবো আমি?
ভুলে যাবো মাসিপিসির গান?
ভুলে যাবো মা-মাটির টান।
বয়সী বটবৃক্ষ,শিমুলের ফুলে আমি কি গড়বো না বুলবুলির বসতি;
আমি কি হেরে যাবো?
মুক্ত করে দাও পৃথিবীর বুক,আমার গ্রাম বাংলার ঘ্রাণ।
ফিরিয়ে দাও যারা নিচ্ছো কেড়ে।
প্রাচুর্যতার প্রাচীরে আমি বড্ড বেমানান;
আমি ব্রহ্মপুত্র পাড়ের মেয়ে,আমি মগড়ার।

শর্তহীন প্রেম

ইচ্ছে করে অসীম নীলাকাশে বৈকালিক মেঘের মতো উড়ি;
মেহগনিঘেরা পুকুরপাড়ে জিড়িয়ে নিই ক্লান্তির ছাপ ঢেকে।
ধরে নিই এ জীবন তোমার জন্য ধার করা।
আমি অত্যধিক স্বপ্ন আঁকি তোমার চোখ নীলিমায়।
যদি তুমি ডাক দাও, ফিরবো পশ্চাতে।
এ আমার শর্তহীন প্রেম।

 

প্রেমের পাপড়ি

ভালোবাসার কাছে আমরা নত হই,
যেন নীরব প্রার্থনার আঙিনায় দাঁড়িয়ে।
শুদ্ধতার দেয়াল ঘেঁষে
প্রজন্মে ডানা মেলে
আমরা খুঁজি জীবনের গভীরতম মানে।

ফুলের গন্ধ, পাতার মর্মরে
তুমি জেগে থাকো অনিঃশেষ-
যেন ঋতুর বুকে ঝরে পড়া প্রথম বৃষ্টি,
যেন সুরহীন বীণায় জেগে ওঠা
অদৃশ্য সঙ্গীতের তরঙ্গ।

তুমি প্রেমিক পুরুষ-
আবেগের অতল জোয়ার নও কেবল,
তুমি আত্মশুদ্ধির প্রেরণা,
যার ছোঁয়ায় হৃদয় খুঁজে পায়
সৌন্দর্যের অমল আভা।

যখন প্রেমের পাপড়ি হয়ে
ঝরে মনের জানালায়,
প্রতিটি অশ্রু তখন জ্বলে ওঠে মুক্তোর মতো,
প্রতিটি নিঃশ্বাসে জন্ম নেয়
চিরন্তন থাকার শপথ।

ভালোবাসা কেবল আবেগ নয়,
এ এক শাশ্বত দর্শন-
যেখানে হারানো শেখায় ধৈর্য,
যেখানে পাওয়া শেখায় বিসর্জন,
আর বিসর্জনের ভেতরেই
অঙ্কুরিত হয় পূর্ণতার বীজ।

প্রেমই একমাত্র শক্তি,
যা আত্মাকে শুদ্ধ করে
আর জীবনকে অর্থবহ করে তোলে।

 

দিব্যি বেঁচে আছি

এভাবেও বেঁচে থাকতে হয়!
অস্তিত্বের বেলকনি ভেঙ্গে মাথায় পড়লেও উঁহু শব্দটা উচ্চারণ করতে মানা!

যার মায়ায়,মহত্ত্বে বেড়ে ওঠা।
যে ছিলো নিকষ কালো অমাবস্যার ক্লান্তিহীন জোনাক জ্বলা আলোর পিদিম।
কষ্টের পাহাড় পিঠে চেপে যে ছিলো কি না আমাদের অভয়াশ্রমের পথ।
শত আবদার-আয়েশের বাস্তবিক আবাসভূমি।
আমার আত্মায়,আমার অবয়বে যার ছিলো নিরঙ্কুশ রেখাপাত,সে চলে গেছে সংসার স্বপ্নে।
সে চলে যাওয়ার সাথে আমাদের দোতারা’র সুরে ছেদ হয়েছে বৈকি তবুও বেঁচে আছি;
বেঁচে থাকতে হয় বলে।
ঘুমালে জাগতে হয় পৃথিবীর আলো দেখার প্রলয়োল্লাসে।
কত দিবস-রজনী চলে যায়,শুধু আমার পাড়ি দেওয়া হয় না পৃথিবীর পথ।
ভেবেছিলাম তাকে ছাড়া বেঁচে থাকাটা নিরর্থক;নির্ঘাত মনোকষ্টে মারা যাবো।
এই ভাবুন–
আমি এখনো দিব্যি বেঁচে আছি।

বড় হতে হতে হারিয়েছে বটবৃক্ষ বাবা,অভিযোগের কাতারের বন্ধুত্ব।
বিকট হারে বেড়েছে কাক-শকুনরূপী মানুষের আনাগোনা।
মনের অগোচরেও অনেকে হারায়,পর হয়।
শুধু প্রকাশিত হয় না আমার হারিয়ে যাওয়া বা বিদায় বেলার বিজ্ঞপ্তি।
কেউ খুঁজে না নদীগর্ভে বিলীন হওয়া একসময়ের কূলের খবর।
মনের দু’কূল ছাপিয়ে শুধু থেকে যায় মধ্যরাতের নিস্তব্ধ একাকীত্ব!

 

মুখোশের ডানায়

তুমি সম্ভবত
সখের আগুনে বিবেক পোড়াতে জানো
তাই তো ভাঙনের শব্দেও
তোমার চোখে উৎসবের রঙ জ্বলে ওঠে।

তুমি ফুল খুঁজো,
কিন্তু সুবাসের জন্য নয়
মধুর ক্ষণিক লোভে
এক পাপড়ি থেকে অন্য পাপড়িতে
উড়ে বেড়ানোই তোমার স্বভাব।

অথচ কেউ একজন
নিজের সমস্ত রৌদ্র,
তার তারুণ্যের দীপ্ত দুপুর
তোমার অন্ধকারে বিলিয়ে দিয়েছিল
নিজের স্বপ্ন ভেঙে
তোমার জীবনের জানালায়
আলো এঁকেছিল নিঃশব্দে।

আর তুমি
প্রাণ ফিরে পেয়েই
অন্য চোখের নীল আহ্বানে
ডানা মেলেছ নতুন আকাশে।

এখন কাগজের পায়তারায়
তুমি জীবন বোঝাও, নীতির ভাষণ লেখো
আর আমি বিস্ময়ে দেখি,
মানুষ কখনও কখনও
নিজেরই ফেলে আসা ছায়াকে
চিনতে ভয় পায়।

লজ্জায় তখন
আমার চোখ খুলে যায়
দেখি, মুখোশেরও
একটি নিষ্ঠুর সৌন্দর্য থাকে।

 

বৈরাগ্য

শত শতাব্দীর প্রণয়ের প্রাসাদ
গুঁড়িয়ে দিয়ে উতল হাওয়ায় ধূলিস্যাৎ করে
পেয়েছো কতটুকু স্বস্তির নিঃশ্বাস?
সভ্যতার দুয়ারে আমি কি সত্যিই বেমানান?
নব্য চাঁদ আলেয়ার আলো বিলায়;
জন সমাগমে গা ভাসাও চিরায়ত নিয়মে।
আর আমি যেন উদোম অবলীলায়!
লজ্জা ভূষণ, শোষণ করে কেমন প্রশান্তি পাও?
যদি পারো, পূর্ণিমার আলোয় নিজেকে পরিস্কার দেখে নিও।
অপরাধ যার অপরাধী শুধু সে-ই হয় না!
জাগতিক নিয়মে আমার যন্ত্রণার নাম, অনুশোচনা।
আমি অপরাধী!

আমার রাজত্বে আঁধারে ঢেকে গেছে; রাজপ্রাসাদে ঝুলছে মাটির পিদিমের নিভুনিভু প্রদীপ।
আমি উড়নচণ্ডী, বেসামাল; শহর ছেড়ে স্বপ্ন বেড়ায় বৈরাগ্যের পথে।
জীবনের বিতৃষ্ণার ব্যবচ্ছেদে শিক্ষিতের সমাজ ছেড়ে আমি নেমেছি মূর্খের দলে; বাঘ শাবকের সাথে হবো বুনো।
মানব শাবকের পৃথিবীতে চরম অস্বস্তিতে ভূগতে থাকা আমি এক অসহায় প্রাণ।
আমাকে কেউ ক্ষমা করো।
বৈরাগ্যে বিবেক বলতে কিছু না; থাকে না সমাজ-সংসার।
ঘুচে যাক সমস্ত পৃথিবীর আলো, ইচ্ছে করে আমিই থামিয়ে দেই।
জীবন মায়ায় বেঁচে আছি না থাকার মতো।
আলো আঁধারের খেলায় বিশ্বাসঘাতকতা নিতান্তই অকল্পনীয়।
সমস্ত আস্থা ভেস্তে গেছে; আর ফিরবো না তোমাদের পৃথিবীতে।
ভালো থেকো ফুল-পাখি সকল।

 

অপেক্ষার পথে

তুমি আসবে যে পথে
সে পথেই আমার রাত্রি নামে।
ঘুম নেই…
অবশান্ত হৃদয় জেগে রয়
জোনাক পোকার মতো।

তুমি আসবে যে পথে
পা ফেলি নৈঃশব্দে…
জুতোবিহীন পায়ে।
হারিয়ে খুঁজি না
পেয়ে হারানোর ভয়ে।

কবি তাসমিয়া তহুরা

মগড়া নদীর স্নিগ্ধ জলধারা আর নদীতীরের প্রকৃতির নিবিড় সান্নিধ্যে নেত্রকোনা সদর উপজেলায় কবি তাসমিয়া তহুরার শৈশব ও বেড়ে ওঠা। জন্ম ১ জানুয়ারি। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শৈশব থেকেই শব্দের সঙ্গে তাঁর সখ্য, লেখালেখির প্রতি গভীর অনুরাগ। একসময় শখের সেই চর্চাই হয়ে ওঠে মনের গভীরে জমে থাকা অনুভূতি, স্বপ্ন, সংকট ও জীবনবোধ প্রকাশের এক অনন্য অবলম্বন।

তাঁর কবিতায় উঠে আসে মানবমনের বিচিত্র অনুষঙ্গ, অন্তর্গত বাসনার আলো-ছায়া, প্রেমের নিবিড় অনুভব, প্রকৃতির স্নিগ্ধতা এবং সমাজবাস্তবতার নানা দ্বন্দ্ব। জীবনের গঞ্জনা, বঞ্চনা ও প্রতিকূলতাকে অতিক্রম করে তিনি খুঁজে ফেরেন ভালোবাসার অনিঃশেষ সৌন্দর্য। সাময়িক বিত্ত-বৈভবের মোহ নয়, বরং প্রকৃতি, প্রেম, মানবিকতা ও মনুষ্যত্বের চিরন্তন সৌন্দর্য তাঁর সৃষ্টির প্রধান অনুপ্রেরণা। তাঁর কবিতায় ব্যক্তিগত অনুভূতি কখনো ছুঁয়ে যায় সামষ্টিক জীবনবোধকে, কখনোবা হয়ে ওঠে মানবমনের নিভৃত কথামালা।

মানবতার প্রতি দায়বদ্ধতা থেকে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। পাশাপাশি কবি ও কবিতার বিকাশে বিভিন্ন সাহিত্য সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থেকে সাহিত্যচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করছেন।

তাসমিয়া তহুরার প্রথম একক কাব্যগ্রন্থ ‘বিবেকবাবু নির্বাসনে’ প্রকাশিত হয় ২০২০ সালে বিভাস প্রকাশনী থেকে। গ্রন্থটি পাঠকমহলে সাড়া জাগায়। এরপর ২০২২ সালে জলছবি প্রকাশনী থেকে প্রকাশিত হয় তাঁর দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘অস্তিত্ব সংকট’।

শব্দের ভেতর জীবনকে আবিষ্কার, অনুভূতির ভেতর মানবিকতাকে ধারণ এবং প্রেমের ভেতর পৃথিবীর সৌন্দর্য খুঁজে ফেরাই কবি তাসমিয়া তহুরার সৃষ্টিশীল অভিযাত্রার অন্যতম অন্বিষ্ট।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

TOP