সকল মেনু

মাটির মায়া থেকে কাঠগোলাপের বিকেল: তামান্নার ৫ কবিতা

মাটি হবো

একদিন মাটি হবো
শরীর পচা সারে কবরের উপরের শিউলি আর কামিনী গাছটা তরতাজা হয়ে উঠবে।
থোকায় থোকায় ফুটবে ফুল,
জানি না, ভয়ে সে ফুল কুড়াতে আসবে কি কেউ,
তবে সুঘ্রাণ বাতাসের সাথে মিশে বয়ে যাবে বহুদূর।
মনে হয়, আমিই আগে চলে যাব,
দু’ফোঁটা অশ্রুর লোভে
প্রার্থনায় বসি সেরকমই,
মোনাজাতে দু’ফোঁটা অশ্রু ফেলো দু’হাতে।
জীব থেকে জড় হওয়ার সেই খেলায়
এ সংসারের সবকিছু পড়ে থাকবে সেদিন হেলায়।

 

বিদ্রোহী কণ্ঠস্বর

ঝড়ের মতো এলে
ঘুমন্ত বাংলার বুকে,
হাতে নিয়ে আগুনের বাঁশি
চোখে বিদ্রোহের তেজ।

ধর্মের দেয়াল পেরিয়ে
মানুষকেই দিয়েছিলে প্রাধান্য,
নারী-পুরুষের সমঅধিকারে
করেছিলে আমাদের ধন্য।

কলমে জেগেছিল
শোষিতের বুকের আগুন,
গানে গানে ভেঙেছিল
ভয়ের অন্ধকার-ঘুণ।

তুমি বিদ্রোহী,
তুমি কখনো প্রেমী,
কখনো মসজিদের আজান,
কখনো মন্দিরের শঙ্খধ্বনি।

কণ্ঠে ছিল সাম্য তোমার
স্বপ্নে মুক্ত আকাশ;
হিন্দু-মুসলিম পাশাপাশি
মানুষের হাতে মানুষের হাত।

পৃথিবীতে থাকবে যতদিন
অন্যায়-অত্যাচার,
ততদিন বেঁচে থাকবে
তোমার বিদ্রোহী কণ্ঠস্বর।

 

কাঠগোলাপের বিকেল

কোনো এক ভোরে দাঁড়িয়ে থেকো
একগুচ্ছ বৃষ্টিস্নাত কদম হাতে,
আমি নীল শাড়িতে হাতে হাত রেখে, হাঁটব তোমার সাথে—
সেদিন তোমায় দেখতে চাই সাদা পাঞ্জাবিতে।

এক বিকেলে কাঠগোলাপ খোঁপায় দিও গুঁজে
চোখে চোখ রেখে সেদিন শান্তি পাবো খুঁজে,
চিঠি দিবস ছাড়াই লিখো প্রতিদিন একটি করে চিঠি,
এক ছায়াপথ দূরে থেকেও ভেবে নিও আপন সাথি।

তারাদের গল্পগুলো হৃদয়পটে গেঁথে,
তোমার সাথে সহস্র পথ চাই যেতে, হয়তো কল্পনাতে।
কিছু কথা, কিছু ব্যথা, কিছু গল্প—
চিরদিন মনে রেখো অল্প অল্প।

 

প্রাচুর্যে লুকানো কষ্ট

আমি প্রাচুর্যের আড়ালে বহু কষ্ট দেখেছি
সেই কষ্ট সুনিপূণভাবে ঢেকেছি
গভীর রাতে অশ্রুজলে বালিশ ভিজিয়েছি
ভোরে সূর্য উদিত হলে অভিনয়ের হাসি হেসেছি।

আমি পাহাড়সম কষ্ট এ বুকে লুকিয়েছি
এই দুনিয়ার মানুষ নিয়ে অনেক ভেবেছি
আলোর সন্ধানে শুধু ছুটেছি
একরাশ অন্ধকার নিয়ে ফিরে এসেছি।

আমি মানব-মানবীর বহুরূপ দেখেছি
এই দুনিয়ার মিছে খেলা খেলেছি
সব ভেবে ভেবে উত্তর শুন্য মিলিয়েছি
আর এই অবেলায় হয়ে গেছি উদাসী।

আমি সব খেলা দেখে পাগলিনী হতে চেয়েছি
পাগলের ভাবনা থাকেনা এই ভেবে শান্তি খুঁজেছি
হ্যাঁ, আমি পাগলীনির মাঝে এক চিলতে শান্তি খুঁজেছি
কারণ আমি যে দুনিয়ার প্রাচুর্য লুকানো কষ্টগুলো দেখেছি।

 

রমণী

কোমলতার মাঝে তীব্র কঠোরতা
কঠোরতার মাঝে মমতাময়ী
সে যে মানবী তাই এতো বৈচিত্রময়ী।

সৃষ্টিকর্তার নিপূণ হাতে গড়া
হোক সে শ্যামা কিংবা কালো
তার মাঝেও আছে জগতের সব আলো।

মানব যাহা পারেনি কঠোরতায়
মানবী এনেছে সে জয় ছিনিয়ে
পরম স্নেহ আর মায়া-মমতায়।

এইতো মা, এইতো রমণী
এইতো স্রষ্টার অপূর্ব সৃষ্টি
ভুবন জাগানোর বিস্তৃত ধমনী।

যুগে যুগে ধরায় সজিবতা ছড়িয়ে
নিঃস্ব হয়ে পড়েছে লুটিয়ে
নিজেকে বাঁচতে কেন আজ তাকে বলি কলঙ্কিনি।

বারে বারে কেন দেই ধিক্কার
কেন করি এতো অত্যাচার
সে যে নারী, মানবী, মায়াবতী রমণী।

এ ভুবনের আলোর আশা সবার প্রতি স্নেহ ভালোবাসা
তারে বিনে কেমনে হয়, সে যে মহৎ রমণী।

পদে পদে এতো বিপদ কেটে দিল
বিপদে হলো বন্ধু
ভাবি কেন তারে শুধুই প্রতিযোগিনী
সে যে রমণী ভুবনের, বন্ধু সকলের
মায়াবতী, সহধর্মিনী, সহযোগিনী।

কবি তামান্না জাবরিন: কবিতা, সংস্কৃতি ও সৃজনশীলতার এক নিবেদিত নাম

কবি তামান্না জাবরিনের জন্ম ১৭ জানুয়ারি। কবিতার পাশাপাশি গান, ছোটগল্প, ভ্রমণকাহিনি ও প্রবন্ধ রচনায়ও তাঁর আগ্রহ ও বিচরণ। দেশ-বিদেশের বিভিন্ন পত্র-পত্রিকায় নিয়মিত প্রকাশিত হচ্ছে তাঁর লেখা। কবি পরিচয়ের পাশাপাশি তিনি একজন আবৃত্তিশিল্পী ও উপস্থাপিকা হিসেবেও পরিচিত।

ইংরেজি সাহিত্যে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রিধারী তামান্না জাবরিনের অবসর কাটে সাহিত্য ও সংস্কৃতিচর্চায়। তিনি চট্টগ্রাম সাহিত্য কুটিরের সভাপতি। পাশাপাশি বঙ্গীয় সাহিত্য এবং উদীচী, সাতক্ষীরা জেলা সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি কাব্যনীড় প্রকাশনীর স্বত্বাধিকারীও।

তাঁর লেখায় উঠে এসেছে সামাজিক বৈষম্য, নারীর অধিকার, প্রকৃতিপ্রেম, মানবিক অনুভূতি ও বিরহের নানা অনুষঙ্গ। নিজস্ব কাব্যিক ভাষা ও অলংকরণের মধ্য দিয়ে তিনি কবিতাকে স্বতন্ত্র রূপ দিতে ভালোবাসেন। প্রকৃতির নিবিড় সান্নিধ্যে খুঁজে পান প্রশান্তি। কল্পনা ও বাস্তবতার মেলবন্ধনে রচনা করেন একেকটি কবিতা, যেগুলোকে তিনি সন্তানের মতোই স্নেহ করেন।

‘উনিশ বসন্তে প্রেম’ তাঁর প্রথম একক কাব্যগ্রন্থ। কবিতার প্রতি ভালোবাসা, সাহিত্যচর্চার নিবেদন এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে তিনি নিজের সৃজনশীল জগৎকে প্রতিনিয়ত সমৃদ্ধ করে চলেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

TOP