বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের ২০২৭ সালের তালিকায় প্রথমবারের মতো জায়গা পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। জর্ডানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি) প্রকাশিত ‘দ্য মুসলিম ৫০০’র ১৮তম বার্ষিক সংস্করণে তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব বিভাগে অন্তর্ভুক্ত হয়েছেন।
‘দ্য মুসলিম ৫০০: দ্য ওয়ার্ল্ডস ৫০০ মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস’ শীর্ষক প্রকাশনাটিতে এবার বাংলাদেশ থেকে তিনজনের নাম রয়েছে। তাদের কেউই শীর্ষ ৫০ জনের ক্রমানুসারী তালিকায় স্থান পাননি; তারা রয়েছেন র্যাঙ্কিংবিহীন বাকি ৪৫০ জনের অংশে।
তারেক রহমানের এই তালিকাভুক্তির পেছনে রয়েছে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয় এবং সরকার গঠন। তার নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে রাষ্ট্রক্ষমতায় ফিরে আসে। এর মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ শেষ হয় এবং প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন তারেক রহমান। নতুন সরকারের প্রধান হিসেবে দেশের রাজনৈতিক ও প্রশাসনিক নেতৃত্বে তার ভূমিকার স্বীকৃতিতে এবারই প্রথম তাকে ‘পলিটিক্যাল’ বা রাজনৈতিক ব্যক্তিত্ব বিভাগে রাখা হয়েছে।
বাংলাদেশের তালিকাভুক্ত আরেকজন হলেন প্রখ্যাত মানবাধিকারকর্মী ও গবেষক ড. হামিদা হোসেন। আইন ও সালিশ কেন্দ্রের (আসক) অন্যতম এই প্রতিষ্ঠাতা নারীর অধিকার এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় দীর্ঘদিনের অবদানের জন্য নিয়মিত এ তালিকায় স্থান পেয়ে আসছেন।
অন্যদিকে, ২০২৬ সালের সংস্করণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শীর্ষ ৫০ ব্যক্তিত্বের মধ্যে ৫০তম অবস্থানে ছিলেন। তবে নতুন সংস্করণে তার নাম অন্তর্ভুক্ত করা হয়নি।
প্রকাশনাটির ব্যাখ্যা অনুযায়ী, বিশ্বের প্রায় ২২০ কোটি মুসলিম জনগোষ্ঠীর ওপর রাজনৈতিক, আদর্শিক, সাংস্কৃতিক ও আর্থিক প্রভাব বিস্তারের সক্ষমতা বিবেচনায় নিয়ে তালিকাটি তৈরি করা হয়। এতে মোট ৫০০ জনকে অন্তর্ভুক্ত করা হলেও কেবল প্রথম ৫০ জনের অবস্থান ১ থেকে ৫০ পর্যন্ত নির্ধারণ করা হয়।
অবশিষ্ট ৪৫০ জনকে কোনো ক্রম বা অবস্থান না দিয়ে রাজনীতি, ধর্মতত্ত্ব, সমাজসেবা, ব্যবসা, বিজ্ঞান ও সংস্কৃতিসহ ১৩টি বিভাগে রাখা হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।