সকল মেনু

কবি শামসুন্নাহার চৌধুরী লোপা’র ৩ কবিতা

আপন ঘর

নিজের আপন বিছানা ছেড়ে অন্য ঘরে, খুঁজি এলোমেলো হয়ে যায় মন আপন চাদরের গন্ধে।
চলতে ফিরতে অক্ষমতা
সন্তানের হাতে আমার চলার সব ক্ষমতা।
ওঁরা বুঝতে চায় না- পারছি না মেনে নিতে
নতুন ঠিকানায় আমার বসবাস।
ভাবে সবাই বয়স হয়েছে
কী প্রয়োজন আমার!
ঘুরে ফিরে থাকি সবার বাসায়
মন খোঁজে আপন ঘর, আপন পরিবার।
কাঁদে মন– সঙ্গীহীন আমি
কেবলি থাকি নির্ধারিত সীমানায়।

জীবনের প্রয়োজনে ছুটতে হয় সবার
ব্যস্ত সকলে জীবন সাজাতে।
গুটিসুটি জীবন যাপনে একা এক বৃদ্ধ
বিপন্ন বিষন্ন আমি পরিবারের একজন
ভগ্নহৃদয় শ্রমশক্তিহীন।

এই তো আছি- একান্ত বাধ্যগত প্রচেষ্টায়
মন চায়-
শুধু একটু যাবো আপন ঘরে আপন বিছানায়।

 

চরিত্র

যে সম্পর্ক চর্চা করে নিবিড় বাঁধন
অমৃত বন্ধনের মতো তাঁর স্বাদ।
বৈচিত্র্যময় চরিত্রের সঙ্গে সখ্যতা
জীবনটা নানা ভেলায় ভেসে সমতা।
সময় অতিক্রম করার সুখের হাসি।
গোপনে কাঁদে হৃদয়ের বাঁশি।
তুমি,আমি,আমরা সুখের সমুদ্র
কখনো কাঁদি, আবার হাসির রঙে লাবণ্য।
শুধু সময় গুনি রঙিন সুতার
রঙের ছোঁয়া শুধুই ধূসর।
জীবনের ছন্দ বদলায় না কোনো আবেগ
প্রথাবদ্ধ সমাজের উক্তি গ্রহণযোগ্য অণুপ্রবেশ।
সৃষ্ট নর-নারী গড়ে তোলো বিশ্ব সমুদ্দুর মতো
তবুও তুমি পাওনা না অধিকার নিজের যত!

মায়া

ভালোবাসার মুগ্ধতা যা কিছু ছুঁয়েছে অজানা,
অভ্যস্ততা হৃদয় জুড়ে আছে সারাক্ষণ।
আড়ালে-আবডালে ওঁত পেতে থাকা,
কথার ছলে কৌশলী হওয়া, কথা বলা,
মন কাঁদে উচ্চস্বরের সেই কণ্ঠের আবেগে।

পাশাপাশি থাকা, অবিরাম চলা—
আবার সুখ-দুঃখের সঙ্গী হৃদয় খুঁজে পাওয়া,
যেন এক মায়া ভরা দিঘির প্রতিচ্ছবি।
তোমার-আমার সাঁকোর ভেতর, পরস্পর
এ অভ্যস্ততায় বেঁচে আছি।

নিত্য-নতুন প্রতিযোগিতা, মন কাঁদে,
প্রতিদিন সকালে উঠে নানা গল্পে
সময় কাটানোর মাঝে থাকা।
আছে তো ছায়া, সরবে না এই মায়া,
কেবলই থাকবে তুমি মা,মমতাময়ী।

হৃদয়ে আঁকা আছে সেই অভ্যস্ততা।

তুমি-আমি বিনা সুতোর মালা হয়ে
বিহঙ্গমতো পথ চলা।
মায়ার বাঁধনে আবদ্ধ থাকা
আছে প্রয়োজন, আছে আশা, আছে কিছু নিত্যতার পাওয়া।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

TOP