তরুণ শিক্ষানবিশ আইনজীবী ও মানবাধিকারকর্মী অর্ক রায় এবার আন্তর্জাতিক হিউম্যান রাইটস পিস অ্যাওয়ার্ড–২০২৫–এ সম্মানিত হতে যাচ্ছেন। মানবাধিকার রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও প্রান্তিক মানুষের পাশে কাজ করার স্বীকৃতিস্বরূপ এশিয়া হিউম্যান রাইটস ফাউন্ডেশন ও আন্তর্জাতিক ইমিগ্রেন্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশন তাঁকে এ পুরস্কারের জন্য মনোনীত করেছে।
আগামী ১৩ ডিসেম্বর বিশ্ব সাহিত্য কেন্দ্রে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। বিকেল চারটায় শুরু হওয়া এ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি মোহাম্মদ মীর হাসমত আলী। প্রধান আলোচক হিসেবে থাকবেন বাংলাদেশ মানবাধিকার ব্যারোর চেয়ারম্যান ড. মোহাম্মদ শাহজাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পীরজাদা শহীদুল হারুন, সাবেক অতিরিক্ত সচিব, অর্থ মন্ত্রণালয়। অনুষ্ঠানটির সভাপতিত্ব করবেন অ্যাডভোকেট এম আর পাঠান জীবন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এশিয়া হিউম্যান রাইটস ফাউন্ডেশন।
দীর্ঘদিন ধরে অর্ক রায় দরিদ্র, নির্যাতিত ও অসহায় মানুষদের বিনামূল্যে আইনি সহায়তা প্রদান, নারী–শিশু নির্যাতন, ভূমি বিরোধ, নিখোঁজ–নির্যাতন ও সাইবার অপরাধ–সংক্রান্ত মামলায় ভুক্তভোগীদের পাশে দাঁড়িয়ে আসছেন। পাশাপাশি তিনি স্কুল–কলেজের শিক্ষার্থীদের আইন সচেতনতা ও নিরাপত্তা বিষয়ক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন।
ফাউন্ডেশনের পাঠানো আমন্ত্রণপত্রে বলা হয়েছে, মানবাধিকারচর্চা ও সামাজিক দায়িত্ববোধ অর্ক রায়কে এ সম্মাননার যোগ্য করেছে। আমন্ত্রণপত্রে আরও উল্লেখ করা হয়, তাঁর কাজ তরুণ সমাজের জন্য অনুপ্রেরণা।
পুরস্কার সম্পর্কে অর্ক রায় বলেন, “এই স্বীকৃতি আমার নয়; সেই সব মানুষের, যারা ন্যায়বিচারের আশায় প্রতিদিন লড়াই করেন। মানুষের পাশে দাঁড়াতে পারাটাই আমার সবচেয়ে বড় অর্জন।”
অর্ক রায়ের এই সাফল্যে সবচেয়ে বেশি গর্বিত তাঁর মা কল্পনা বণিক, কাজীর খীল সরকারি প্রাথমিক বিদ্যালয়, সন্দ্বীপ–এর সাবেক প্রধান শিক্ষিকা। অর্ক জানান, তাঁর মানবিক ও নৈতিক শিক্ষা মায়ের কাছ থেকেই পাওয়া। পরিবার, প্রতিবেশী ও সহকর্মীদের মতে, কল্পনা বণিকের ত্যাগ, কঠোর পরিশ্রম ও মূল্যবোধ অর্ক রায়কে আজকের অবস্থানে আসতে সহায়তা করেছে।
বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক অঙ্গনে এমন স্বীকৃতি বাংলাদেশের তরুণ মানবাধিকারকর্মীদের আরও উৎসাহিত করবে এবং ন্যায় ও মানবিকতার চর্চা সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে। উল্লেখ্য, অর্ক রায় এ বছর আন্তর্জাতিক শান্তি পুরস্কার ২০২৫–এরও প্রাপক।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।