আজকের সকালটা কেমন জানি ভালোবাসাময় সকাল । মায়াময় রোদ গাছের উপর এলিয়ে পড়েছে মমতা মেখে । ঝিরি ঝিরি উত্তরী হাওয়া মাখনো মিষ্টি বাতাস নবনীতাকে ছুঁয়ে যাচ্ছে মুগ্ধ আবেশে । নবনীতা স্নিগ্ধ চোখে বিভোর হয়ে মাতাল সকাল দেখছে ।
অনেক অনেক দিন পর ভালোলাগাগুলি এক এক করে ফিরে আসছে নবনীতার কাছে । নবনীতা এখন ক্যান্সার মুক্ত । নবনীতা প্রায় একটা বছর অনিশ্চয়তার সাথে জীবন কাটিয়েছে! বিরুদ্ধ স্রোতে দিয়েছে সুতীব্র সাঁতার। অন্ধকার কেটে একরাশ আলো মনের সুড়ঙ্গ দিয়ে ঢুকে পরেছ এখন সব কিছুতে ভালো লাগা জড়িয়ে থাকে !
ছোট ছোট জিনিস দেখে মুগ্ধ হয়ে যায় নবনীতা । সবকিছুতে মুগ্ধতা মিশে থাকে নবনীতার ! অনেক ছোট ছোট জিনিস সে এখন গভীরভাবে দেখে । আগে যেগুলি দেখার সময়ই পেত না ! অথবা জীবনকে এমন করে দেখার অবকাশ । নবনীতার পুর্নজন্মের সাথে সাথে জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি ও পাল্টেগেছে । আগের মতো সবকিছুতে উত্তেজিত হয় না । মেনে নেবার অথবা মানিয়ে নেবার অদ্ভুত ক্ষমতা হয়েছে তার ভেতর ! যে ঘটনাগুলি আগে ঘটলে তুলকালাম লাগিয়ে দিত , হুলুস্থুল , তোলপাড় ! এখন আর এসব নিয়ে হুলুস্থুল করেনা ! নীরবে মেনে নেয় যে তা নয় ! ভেতর থেকেই ইচ্ছে করে না ।এখন সে ভাবতে শিখেছে । সময় মানুষের ভাবনাকে পাল্টে দেয় ! বোধের জায়গাটা হঠাৎ করেই আমূল পাল্টে যায় ।
নবনীতা দাঁড়িয়ে আছে জানালায় ! সল্টলেকের আকাশটাকে তাঁর ধানমন্ডির আকাশের মতো ই একি রকম লাগছে ! আকাশ কি দুভাগ হয় ? অথবা দু রকম ? যেমন ঢাকার আকাশ নীল আর কোলকাতার সবুজ !
আকাশের দিকে তাকালে মনে হয় নবনীতার , ও যেন ওর বাসার প্রিয় জানালায় ই দাঁড়িয়ে আছে ! এমনি এক অনুভব তার ভেতর দোলা দিয়ে যায় ।
নবনীতা জানালায় দাঁড়িয়ে নীচের দিকে তাকিয়ে দেখতে পায় একটি কবুতরের ছোট্ট সাদা পালক পাক খেয়ে খেয়ে উপরের দিকে উঠে যাচ্ছে মুক্ত আকাশের পানে ।যতক্ষণ দেখা যায় দেখতে থাকে নবনীতা ।এক অনন্য অপ্রকাশিত ভালোলাগা ছোঁয়ে যায় নবনীতাকে ।মুগ্ধ হয়ে থাকে বিভোর হয়ে থাকে অনেকক্ষণ এই আবেশের ভেতর ।নবনীতা আঁকড়ে থাকে , জড়িয়ে থাকে ছোট্ট এই পালকের ভালোলাগাটাকে নিয়ে স্থানুর মতো দীর্ঘক্ষণ।মনে হয় সে ও উড়ছে পালকের সাথে সবকিছু ছাপিয়ে নবীন জীবনের স্বপ্ন ছুঁয়ে মুক্ত আকাশে ।
“আকাশে তো আমি রাখি নাই
উড়িবার ইতিহাস
তবু উড়েছিনু এই মোর উল্লাস “
মানুষ নিজেও জানেনা অল্পতেই সে কতটা সুখী হতে পারে ।
লেখক : শুভ্রা নীলাঞ্জনা, কথাসাহিত্যিক ও শিল্পী
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।