তোমাকে পুরোটা পেয়ে
তোমাকে পুরোটা পাবার পর জেনেছি
তোমার পুরোটা কতটা ঘিরে ছিলো আমায়
তোমার উপস্থিতিই কতটা পূর্ণ করেছিলো আমায়।
বুকের ভেতর একটা কোথাও ফাঁকা হলে
তুমি এসে জুড়ে যেতে মনের ভেতর বাতাসের মতো
বাতাসও যেমন থাকে পুরোটাতেই, অদেখা হয়েও।
গল্পগুলো জমা হতো না মনের কোথাও
ইচ্ছেগুলো, ভাবনাগুলো, হঠাৎ পাওয়া কষ্টগুলো
বুকের ভেতর জমার আগেই বিছিয়ে দিতাম তোমার কোলে।
তোমার বুকে মাথা রেখে জিরিয়ে নিতো মনটা আমার
হা হুতাশ আর অস্থিরতা তোমার ডাকেই শান্ত হতো
বুকের ভেতর পাহাড় সমান সাহস তোমার থাকায় হতো।
আমার কোথায় ছিলে না তুমি!
চোখের কালোতে, হাসির গালেতে, শান্ত বুকের ভালোবাসাতে..
পুরোটাতেই ছিলে তুমি, মায়া হয়ে।
তোমাকে পুরোটা পাবার পর বুঝেছি
তোমাকে ছাড়া কতটা শূন্য হয়েছি আমি;
নিজের পুরোটা থেকেও কতটা নিঃস্ব হয়েছি আমি।
তোমাকে, পুরোটা পাবার পর জেনেছি।।
তোমাকে চাই
শত কথা আছে মনে মনে
আমি তোমাকে শুনিয়ে বলতে চাই
যত ব্যথা আছে তোমার সাথে
আমি ভাগাভাগি করে নিতে চাই
যত দূরে যাও তোমার সাথে সাথে
আমি একই মনে পথ চলতে চাই
পাশাপাশি বসে সারা জীবন আমি
সাগরের ঢেউ গুনতে চাই
শত কবিতা তোমার বুকে আমি
জড়িয়ে পেঁচিয়ে লিখতে চাই
যত ভালোবাসি তারও বেশি তোমাকে
ভালো বাসতে চাই।
প্রকাশভঙ্গি
সবাই তোমায় বলবে না- ভালোবাসি
কেউ কেউ বলবে- চলো না ঘুরে আসি;
দুজন মিলে কোথাও বসে কফি খেয়ে আসি।
তোমায় আজ লাগছে ভীষণ মিষ্টি!
চাঁদের আলো তোমার মুখে করছে খেলা সৃষ্টি।
হঠাৎ করেই কেউবা এসে সময় নিতে চাইবে;
জ্বর হলে সে তার কপালে তোমার হাতই চাইবে।
সবাই তোমায় বলবে না- ভালোবাসি
কেউ কেউ তো চোখের ভাষায় হাজার কথা বলবে
এক ইশারায় বুকের ভেতর তোলপাড় ঝড় তুলবে।
যখন তখন মেসেঞ্জারে, কেউ অবুঝ প্রলাপ বকবে
রোজ সকালে প্রথম ভাঁজেই প্রথম তোমায় খুঁজবে।
হঠাৎ করেই বলবে- তুমি কোথায় আছো, বিজি?
চলো না যাই তোমার প্রিয় ফুচকা খেয়ে আসি!
শুধু আশ্বাসই হয় কারো কাছে ভালোবাসার প্রকাশ
শুধু অনুভবই তাই কারো কাছে মূল্যবান আভাস!
ভালোবাসি
ভালোবাসি তোকে
শীতের প্রথম হাওয়ার মতো
ভালোবাসি তোকে
চায়ের প্রথম চুমুকের মতো;
ভালোবাসি তোকে
ঝড়ের প্রথম রাতের মতো
ভালোবাসি তোকে
প্রথম পাতা ঝরার মতো।
ভালোবাসি তোকে
প্রথম শাপলা তোলার মতো
ভালোবাসি তোকে
কাশবনে মন ছোটার মতো;
ভালোবাসি তোকে
প্রথম বৃষ্টি ভেজার মতো
ভালোবাসি তোকে
ঝর্ণার জল ছোঁবার মতো।
ভালোবাসি তোকে
প্রথম কদম ফোটার মতো
ভালোবাসি তোকে
তানপুরাটার সুরের মতো;
ভালোবাসি তোকে
প্রথম আঁকা ছবির মতো
ভালোবাসি তোকে
প্রথম চোখে চাওয়ার মতো।
ভালোবাসি তোকে
প্রেমের প্রথম চিঠির মতো
ভালোবাসি তোকে
প্রথম সেই অপেক্ষার মতো;
ভালোবাসি তোকে
প্রথম মনে ব্যথার মতো
ভালোবাসি তোকে
প্রথম কষ্ট ভোলার মতো।
ক্রাশ
তোমার সাথে আমার দেখা হয়নি কোনোদিন
শুধু তোমার ছবি দেখেই কাটিয়েছি কতো রজনী-দিন।
জানি না তোমার কথা কেমন শোনায়;
জানি না তুমি রেগে গেলে কি করে তোমাকে মানায়!
তোমার হাতের ছোঁয়া, সে-ই বা কেমন হয়!
অথচ তোমাকে না ভেবে, না আমার রাত কাটে..
না সকাল হয়।
তোমার সাথে হয়তো আমার দেখা হবেও না কোনোদিন;
শুধু তোমার অস্তিত্ব আছে জেনেই ভরে মন, হই অধীর।
জানি না এই অপেক্ষার শেষ কোথায়;
জানি না কি করে এই মন শান্ত হয়।
কেমন করেই-বা এ অবুঝ মনকে সামলাতে হয়!
অথচ তুমি আমার সবখানে, যেখানে আমিও থাকি না..
সবসময়।
তোমার সাথে আমার দেখা হবার কোনো অবকাশ নেই
তবু ভাবি তুমি আমার, যার নিয়ন্ত্রণ আমার হাতে নেই।
জানি না এ-কি ভালোবাসা নাকি শুধুই মোহ;
জানি না কতখানি হবে রাখা নিজেকে সংযত।
অতৃপ্ত এ মন নিজেকেই-বা বোঝাবে কতো!
অথচ মরিচিকা এই তোমাকে আমি, ভুলতে চাই প্রতিদিন..
প্রতিনিয়ত।
একটা তুমি
আঁকিবুঁকি মনের আঁচড়গুলো
বড়ো বেশি মনে করিয়ে দেয় তোমায়
তোমার কথার মিষ্টি জ্বালে আঁটকে থাকা আমি
হঠাৎই একদিন আচ্ছন্ন হই তোমাকে ছোঁবার নেশায়।
তুমি বুঝতে পারোনি;
বুঝতে পারোনি আমার ভেতরের মাদকতা
কী ভীষণ তোলপাড় করা অনলে পুড়ছিলাম আমি
তুমি অনুভব করোনি।
তবুও ডুবে থেকেছি আমি;
ডুবে থেকেছি তোমার শরীরের মৃদু অচেনা সেই ঘ্রাণে
জানি না কী মোহ ছিলো তাতে!
কী সর্বনাশা অনলে দাউদাউ করে জ্বলে পুড়ে
শেষ হয়ে যাচ্ছিলাম আমি।
অথচ সেই ধ্বংসে কোনো আক্ষেপ নেই;
কোনো ভীতি নেই!
সেই ধ্বংসেই যেনো ছিলো আমার
এক নতুন জন্মের স্বাদ, আর..
নিজের ভেতরে তৃপ্তি আত্মার।
তুমি তখনো বোঝনি
তুমি এখনো জানোনি..
জীবনের সকল রঙের মাঝে
জগতের সকল সুখের ভীড়ে..
তুমি আমার কী।
প্রেম প্রলাপ
খুব অস্থির এক অনুভূতি হয় যখন তোমাকে মিস করি
জগতের সবকিছু থেকে কেমন যেন বিচ্ছিন্ন হতে ইচ্ছে করে তখন আমার
ইচ্ছে করে চুপ করে কোনো আড়ালে বসে শুধু তোমাকে ভাবি
তোমাকে আমার ভাবতেই ভালো লাগে
ভাবনায় মুহূর্তগুলো খুব সুন্দর হয়
সেখানে একটা তুমি আমার যাকে আমি আমার মতো করে দেখি
তাই তো সেই মুহূর্তের জন্য আমি অপেক্ষা করতে ভালোবাসি।
অথচ তুমি আমার অনেক কাছে; এতটাই কাছে যে
তোমার অস্তিত্বটাই মিশে থাকছে আমার সাথে
আমি আলাদা করতে পারছি না নিজেকে..
তোমার থেকে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।