সকল মেনু

চট্টগ্রামে তিন দিনব্যাপী লোকনাথ বাবার উৎসব সম্পন্ন

চট্টগ্রামের হালিশহর সুন্দর পাড়া শ্রী শ্রী রাধা গোবিন্দ ও লোকনাথ বাবা সেবা মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে যুগাবতার শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার বিগ্রহ প্রতিষ্ঠার ২৩তম বার্ষিকী ও বার্ষিক উৎসব যথাযথ ধর্মীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। উৎসবের প্রথম দিন ২৪ ডিসেম্বর বুধবার সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঐতিহ্যবাহী পাল্টা কীর্তনের মধ্য দিয়ে অনুষ্ঠানমালার সূচনা হয়। এই কীর্তনে অংশ নেন চট্টগ্রামের স্বনামধন্য কবিয়াল কমল বসাক ও শিব চরণ। উৎসবের দ্বিতীয় দিন ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার দিনব্যাপী গীতা পাঠ, প্রদীপ প্রজ্বলন, প্রতিমা প্রদর্শন ও মহানামযজ্ঞের শুভ অধিবাস অনুষ্ঠিত হয়। ২৬ ডিসেম্বর শুক্রবার ঊষালগ্ন থেকে অষ্টপ্রহরব্যাপী হরিনাম যজ্ঞ শুরু হয়ে ২৭ ডিসেম্বর ভোরে পূর্ণাহুতির মাধ্যমে তিন দিনব্যাপী এই উৎসবের সমাপ্তি ঘটে। উৎসবে দূর-দূরান্ত থেকে আসা শত শত ভক্ত সমবেত হন এবং মহাপ্রসাদ গ্রহণ করেন।

উৎসব কমিটির সভাপতি সমীর দাশের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব শফিউল আলম, বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) চট্টগ্রাম মহানগর শাখার কর্মকর্তা রুবেল দাশ এবং সিনিয়র সাংবাদিক ও জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য শিবুকান্তি দাশ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উৎসব কমিটির সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র দাশ এবং পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মন্দির পরিচালনা কমিটির সহ-সভাপতি মানিক দাশ। তিন দিনব্যাপী এই বিশাল আয়োজন সুচারুরূপে সম্পন্ন করতে এলাকাবাসী ও ভক্তদের আন্তরিক সহযোগিতার জন্য মন্দির পরিচালনা কমিটির পক্ষ থেকে সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র দাশ ও সভাপতি সমীর দাশ সবার প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

TOP