সকল মেনু

পূর্ণিয়া সামিয়া’র কবিতা

জোসনার রোদ

জোসনার রোদেলা ছায়া
কি মায়ায় আবিষ্ট করে
ভুল করে বার বার ছুঁয়ে দেয়
অদ্ভুত শিহরনে হারায়
মিলিয়ে গিয়েও একাকার হয়
বটবৃক্ষ জুড়ে,
হেমন্তের ঝড়ে উড়িয়ে দেয়
সমস্ত বাঁধার দেয়াল
মৌ ফুলের চাষ হয়
বহুদিনের পলি পরা
চর্ম ঘেরা বন বাঁদাড়ে।

 

লেগেছে লেগেছে আগুন

একটি উত্তপ্ত বাজারের ফর্দ
কফের দলা হয়ে বুকে জমে আছে
অসহ্য তাপে জ্বলে যাচ্ছে সমস্ত কলকব্জা
ঢোক গিলতেই বুকে অসহ্য ব্যাথা
চোখ কপালে তুলে চেয়ে রই উত্তপ্ত ফর্দের দিকে
ভেবে ভেবে উত্তর খুঁজি
না খেলে কি হয়?
মরে যাবো বুঝি!
আধমরার আর মরা কি
চলনে বলনে খাওনে পরাধীনতার নামই হয়তো
ধুঁকে ধুঁকে বাঁচা…

 

মেঘের বেলা

মেঘে মেঘে বেলা গড়ায়
সবুজ কত অবুঝে ডুবে
নিষ্পলকের মাঝে অপলক হারাবে
আর কত!
ঝরে পড়া কাশবনে লুকোচুরি খেলা
হয় না
পলি পরা জলের ঢেউয়ে
ডুবে মরা যায় না
শুকনো মালা ক্ষত বাড়ায়
খোঁপায় জড়ায়না
দোলন চাঁপা যতই প্রিয় হোক
দু -দিনই তো জায়গা পায় ঘরে!
কাঁপা হাতের চায়ে
চিনির অধিকার থাকেনা
ইজিচেয়ার অপেক্ষা করে
হাতরে ফেরা স্মৃতির
পেট মোটা বইয়ের ভেতর
চাপা পরে থাকে ঝাপসা অক্ষর গুলি
পায়ের আঙুলে শিহোরণ তোলে
প্রজন্মের হাত ঘড়ি
মেঘে মেঘে বেলা যে গড়ায়
টিনের চালায় জল গড়ানোর মত

 

সময় সম্মুখে

সময় এক ময়ুরপঙ্খী নাউ
অপেক্ষা থাকে, আর আকাঙ্ক্ষাও
তবে, এসে চলে গেলে
কেইবা টের পাও?

সময় তো ধ্রুবতারা
ছুঁয়ে দেখার কত তাড়া
সম্মুখে দাঁড়ালে শেষে
ব‍্যাকুলে যাও যে ভেসে

সময় সেই নিয়তি
শুরু হলে হয় ইতি
মাঝে কেবল বীজ বপন
ঠিক-ভুলে গড়া স্বপন।

 

প্রেম পড়ে যায়

আমার মন চায় না
তবে অন্তর বড্ড বেশি করে চায়
ভালোবাসায় ডুবে মরতে
এর দায় কারে দিবো
পোড়া নিয়তিরে
নয়তো তোমার অমন ছন্নছাড়া পৌরুষের
বাঁচার আর বুঝি কি নাই উপায়?
হায় প্রেম আমি তো পড়িনা বাছা
কেন এসে আমাতেই তুমি এসে হুমরি খেয়ে
পড়ো!

পূর্ণিয়া সামিয়া। জন্ম: প্রবহমান বংশী নদীর তীরে ধামরাই। ধামরাইতেই স্কুল-কলেজ শেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর; পরবর্তী সময়ে বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি সাংবাদিকতাকেই পেশা হিসেবে বেছে নিয়েছেন। ‘হলদে রোদ ও মেয়েটা’ কাব্যগ্রন্থটির মধ্য দিয়ে তার কবি জীবনের আত্মপ্রকাশ। প্রকাশিত কাব্য: হলদে রোদ ও মেয়েটা (২০২০) দ্বিতীয় ও পারিমার্জিত সংস্করণ। বার্নিং স্মেল (২০২১) কাকিলা জানের বাহাস (২০২১) চ্যাট বক্স (২০২১) পূর্ণতে লীন (২০২২)।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

TOP