সকল মেনু

কবি মৃন্ময়ীমৃম ধরের কবিতা

ক্যানভাস

বুকের ভেতর শান্ত নদীটি তিরতির করে বয়ে গেছে, সমুদ্র স্নান করবে বলে দুচোখের
মোহনায় মিলেছে।
হে মহাকাল! সৈকতে পড়ে থাকা তোমার পায়ের ছাপ ধুয়ে নিয়েছে দেখো ওই কাজল চোখের মেয়ের নীরব চাহনির ঢেউ-
এবার কী নামে ডাকবে বলো বালুচরে রেখে আসা সেই প্রাগৈতিহাসিক প্রেমের-
যার চিত্রকল্পে নেই রঙ তুলির ছোপ,
নেই কোন নিপুণ চিত্রকর।
রাতের শিশির মুছে দেয় যদি প্রতিশ্রুতির স্বাক্ষর,
তবে জেনো আগামীর নারীর চোখে বিষাদ নয়,
দহনের দাবানল জ্বলে ওঠার প্রতীক্ষার হবে অবসান;
প্রেম নয়,প্রণয় নয় আঁকা হবে ক্যানভাসে জরায়ুর সম্মান।

 

মায়া আর কায়া

জীবন ঘড়ি চলছে টিকটিক টিক
আয়োজন যত তার নেই প্রয়োজন
তবুও ছুটছে যত নাগরিক লোভ
নিয়তি দাঁড়িয়ে পিছে হাসে ফিক্ ফিক্।
যে যার মতো গিয়েছে, ফেলে গেছে সব
আঁকড়ে ছিল নিজের যা কিছুই ছিল
সেদিন ও ছিল সব ‘আমার’ বলেই
আজ তার কিছু নেই দেহটাই শব।
এই যে সত‍্য অমোঘ মানাটা জীবন
মিছে তবু ছুটে মন জড়িয়ে বাঁধন।
পাতার মত‌ই ঝরে মায়াবী সংসার
বিদায়ের কালে বুঝে কে আপন কার
‘আপন’ ‘আমার’ বলে বিলাপে হাহাকার
আসলে কিছুই নয়, মায়ার সংসার!
জড়ায়ে জড়িয়ে মোহ আবেশে জীবন
এ আর কিছুই নয়,ক্ষণিক ভ্রমণ।

 

অপরিচিতা

চারপাশে হেঁটে যায় কত বন্ধনহীন মুখ
আমারে চেনে না কেউ, জানে না আমার হৃদয়ের কথা
আমি যেন কেউ নই এত এত
মানুষের ভিড়ে;
জানে না কেউ আমার জনমকুন্ডলী।
সে না জানুক কেউ আমারে
প্রাগৈতিহাসিক চিত্রকল্পের মতো
ধুলো জমা এই জীবন ছেড়ে
পৃথিবীর পথ ধরে যে অজানায়
চলে যায় আমার হৃদয়,
সেখানে নিতল দুঃখ করে জলকেলি
স্বপ্ন ছুঁয়ে বাঁচে হাজার বিবর্ণ চোখ-
সেই ঘাটে ডুবে যায় অনাঘ্রাতা জীবনের নামহীন পরিচয়পত্র
জিপসী স্মৃতির পাতা উড়ে যায়
বিষণ্ন ডানা মেলে, জীবনের সব লেনদেন পড়ে থাকে ঝরাপালকে নির্জন দ্বীপের মতো –
ভেসে যায় অলিখিত হিসাবের খড়কুটো-
তাদেরই সাথে আমার হৃদয়ের লেনদেন
তাদের মায়ার ছায়ায় পড়ে থাকে নামহীন আমার বেভুল জীবন।

 

জলছবি

জলছবি নাকচাবি কোমরের বিছা
ছুঁয়ে ছুঁয়ে যায় আজও নয়নের তৃষা
আবীর রাঙানো মন নূপুরের ছন্দে
গোপনে বাজায় সুর নিলুয়া বসন্তে
বিবশ বেতস ক্ষণ রয় অবহেলে
বিরহী হাওয়া ওড়ে প্রেয়সী আঁচলে।
টুপটাপ ঝরে পড়ে সুখের বিলাস
ঝরা পাতার মতন করে হা-হুতাশ
স্বপ্নের ফেরিওয়ালা হাঁক দাও ওগো!
ভরে দাও অনুরাগ মন তার রাঙো।

 

পদরেখা

পথের ধুলোয় মেশা
পথিকের চরণ
পথে চলেছিল একদা যে সাথে
তাহারে করেছে স্মরণ-
ভিজে ওঠে আঁখি
তবু মন দিতে চায় ফাঁকি,
বারে বারে বলে ভুলেছি তাহারে
সে কতকাল আগে
যে ছিল হৃদয়ের স্বপনচারী।

তবুও কি মন
ভুলে কোনও স্মৃতি
ফেলে আসা সেই প্রেমময় গীতি!
মনের উঠোন রোদে করে ঝিকিমিকি
কাঁকনের শব্দ যেন বাজে রিমিকিঝিমিকি।

অগোচোরে নিভৃত শ্বাসে বহে নিরবধি
হৃদয় কাননে রাখা প্রেম মুরতি
পথিকের প্রাণ বুনোহাঁসের মতো
করে আনচান, জানাই নীরব মিনতি-
ফিরে ফিরে চায় পদরেখা তার
চেনা পদযুগল দুটি
পথের শেষ অবধি।

কবি মৃন্ময়ীমৃম ধর। জন্ম: চট্টগ্রাম। শিক্ষা: অর্নাস এবং মার্ষ্টস-সোসিওলজি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। স্কুল-কলেজ থেকেই লেখার অভ্যাস গড়ে উঠেছে। কিন্তু নিয়মিত লিখছেন গত ১২ বছর যাবত। কবির বর্তমান নিবাস ফিজি দ্বীপপুঞ্জ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

TOP