শারদীয় দুর্গাপূজা মানেই সুর, আনন্দ আর আবাহনের উৎসব। উৎসবের সেই আনন্দকে আরও গাঢ় করতে ‘টিম বৃষ্টি’ নিয়ে আসছে দুর্গোৎসবের নতুন আগমনী গান ‘দুর্গা এলো’। গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী বৃষ্টি দে।
উৎসবের আবহকে একটি নতুন মোড়কে শ্রোতাদের সামনে তুলে ধরাই এই প্রজেক্টের প্রধান লক্ষ্য। গানটির কথা, সুর ও সংগীত আয়োজন করেছেন সুপরিচিত সংগীত পরিচালক আর কে চক্রবর্তী জুয়েল। মিক্সিং ও মাস্টারিংয়ের দায়িত্ব সামলেছেন অর্ক সরকার।
অনেক সময় নিয়ে গানটির গীতিকবিতা ও সুর বুনেছেন আর কে চক্রবর্তী জুয়েল। তিনি এর আগেও একাধিক জনপ্রিয় গান শ্রোতাদের উপহার দিয়েছেন। অন্যদিকে শিল্পী বৃষ্টি দে’র কণ্ঠে প্রকাশিত বেশ কিছু গান দর্শকপ্রিয়তার পাশাপাশি দেশের সেরা গানের তালিকায় স্থান করে নিয়েছে।
নতুন গানটি প্রসঙ্গে সংগীত পরিচালক আর কে জুয়েল বলেন, “উৎসবের সুরের মধ্যে একটি আলাদা আবেগ কাজ করে। ‘দুর্গা এলো’ গানটির কথা ও সুরের মাধ্যমে সেই ঐতিহ্য ও ভক্তির রূপটিই তুলে ধরা হয়েছে। আশা করি এই শারদীয় মৌসুমে গানটি সব শ্রোতার হৃদয় স্পর্শ করবে।”
অনুভূতি প্রকাশ করতে গিয়ে শিল্পী বৃষ্টি দে বলেন, “এই গানের প্রতিটি কথা আমার খুব ভালো লেগেছে। দুর্গাপূজার গান হওয়ায় এতে বিশেষ অনুভূতি যুক্ত ছিল। গানটিতে কণ্ঠ দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি। অনেক যত্ন নিয়ে এর সুর ও সংগীতের কাজ করা হয়েছে, আর জুয়েল দাদার লেখা লিরিক্স সত্যি অসাধারণ। আশা করছি গানটির শব্দ ও সুর সংগীতপ্রেমীদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নেবে।”
গানটির দৃষ্টিনন্দন মিউজিক ভিডিও নির্মাণ করেছেন পরিচালক আকাশ দে। গানটির কথা ও ভাবের ওপর জোর দিয়ে ভিডিও দৃশ্যধারণের কাজ করা হয়েছে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন আকর্ষণীয় লোকেশনে।
পরিচালক আকাশ দে জানান, “আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। চট্টগ্রামের দারুণ সব লোকেশন খুঁজে খুঁজে বের করে এর দৃশ্যধারণ করা হয়েছে।”
জানা গেছে, ২০২৬ সালের নতুন গান হিসেবে ‘দুর্গা এলো’ একযোগে বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেল, ইউটিউব চ্যানেল, সোশ্যাল মিডিয়া পেজ এবং মোবাইল রিংটোন প্ল্যাটফর্মে মুক্তি পাবে। দেশের সংগীত নির্মাতা, শিল্পী ও প্রযোজকরা আশাবাদ ব্যক্ত করেছেন যে, পূজার মৌসুমে গানটি ব্যাপক সমাদৃত হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।