মঙ্গলবার বিকেলে রূপপুরের প্রথম ইউনিট থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। বিলম্ব হয়েছে অনেক। অনেক সমস্যা পার হয়ে একে অবশ্যই একটি অর্জন বলতে হবে। দুই ইউনিট মিলিয়ে ২৪০০ মেগাওয়াটের এই কেন্দ্র সফলভাবে চালু হলে বাংলাদেশের জ্বালানি-নিরাপত্তার ভিত্তি শক্ত হবে। কিছুদিন আগে রপ্তানি করে গ্যাস আনতে না পেরে সারা দেশ সংকটে পড়েছিল। এর পর দেশে শক্তির একটি স্থিতিশীল উৎসের মূল্য আরও স্পষ্ট। তবে এখনকার সংযোগ কেবল পরীক্ষামূলক। কর্তৃপক্ষ নিজেই জানিয়েছে যে এই পর্যায়ে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা যাবে না। চুক্তি অনুযায়ী ১০ মাসের পরীক্ষামূলক পরিচালনার পরই পূর্ণ বাণিজ্যিক সরবরাহ শুরু হবে।
পারমাণবিক বিদ্যুৎ শুধু একটি কেন্দ্র নয়। এটা কয়েক দশকের জন্য একটি প্রাতিষ্ঠানিক দায়িত্ব। গ্যাস-সংকট আমাদের দেখিয়েছে যে আমদানিনির্ভর জ্বালানির ঝুঁকি কত বড়। এই রূপপুরের জ্বালানি, প্রযুক্তি ও অর্থায়ন সবই রাশিয়ার ওপর নির্ভরশীল। রূপপুর ১২.৬৫ বিলিয়ন ডলারের প্রকল্প। এর প্রায় ১১.৩৮ বিলিয়ন এসেছে রুশ এক্সিম ব্যাংকের ঋণে। চুক্তি অনুযায়ী ঋণ পরিশোধ ২০২৭ থেকে শুরুর কথা। আমদানি করা গ্যাসের বদলে আমদানি করা ইউরেনিয়াম ও ঋণের বোঝা যেন নতুন নির্ভরতা না হয়ে দাঁড়ায়। এটি বাংলাদেশের জন্য একটি বড় বিবেচনার বিষয়।
প্রস্তুতির ফাঁকগুলোও ঢাকা যাবে না। পারমাণবিক কেন্দ্রে ব্যবহার হয়ে যাওয়া উপাদান তথা বর্জ্য খুবই স্পর্শকাতর। জুলাইয়ের একটি প্রতিবেদন অনুযায়ী ব্যবহৃত জ্বালানি অপসারণের চূড়ান্ত চুক্তি, বিদ্যুতের শুল্ক ও পরিচালন-রক্ষণাবেক্ষণ চুক্তি তখনও নিষ্পন্ন হয়নি। আগস্টেও রিপোর্ট ছিল, রুশ ফেরত নেবে নাকি বাংলাদেশকেই সংরক্ষণ করতে হবে তা অস্পষ্ট। অথচ প্রায় এক-তৃতীয়াংশ জ্বালানি এই কেন্দ্রে প্রতি দেড় থেকে দুই বছরে বদলাতে হবে। ঘনবসতির দেশে এই প্রশ্ন নিয়ে অবহেলার কোনো সুযোগ নেই। আরেকটি উদ্বেগের বিষয় আছে। ১২০০ মেগাওয়াটের একটি ইউনিটের ওঠানামা সামলানোর সক্ষমতা আমাদের আছে কি না? সেটি এখনও পরীক্ষার বিষয়। দক্ষ জনবলের প্রশ্নও আছে। প্রথম আলোর প্রতিবেদনে এসেছে, রাশিয়ায় প্রশিক্ষণ পাওয়া কয়েকজনসহ কর্মীদের ছাঁটাইয়ের কথা। প্রশিক্ষিত মানুষকে ধরে রাখতে না পারলে প্রযুক্তির নিয়ন্ত্রণ আমাদের হাতে থাকবে না।
আমাদের মতো সক্ষমতা নিয়ে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিচালনা করছে ঠিক এরকম দেশ খুঁজে পাওয়া কঠিন। তবু দুটি তুলনা শিক্ষণীয়। সংযুক্ত আরব আমিরাত সফল নবাগত। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) ভাষ্যে তাদের সাফল্যের ভিত্তি হলো সরকারের দীর্ঘমেয়াদি নীতিগত সমর্থন, আইএইএ-র মাইলফলক পদ্ধতি অনুসরণ ও প্রাতিষ্ঠানিক সমন্বয়। তারা সিমুলেটর ও বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে মানবসম্পদ গড়েছে। আর স্বাধীন নিয়ন্ত্রক সংস্থা অনুমোদন দিয়েছে কঠোর পরিদর্শনের পর। অবশ্য আমিরাতের অর্থবল আমাদের নেই। বরং বেলারুশ আমাদের বেশি কাছের উদাহরণ। তারাও ব্যবহার করেছে একই রুশ ভিভিইআর-১২০০ প্রযুক্তি, রুশ ঋণ, দুই ইউনিট। ২০২০ সালে গ্রিডে যুক্ত হওয়ার পরপরই লিথুয়ানিয়া তাদের বিদ্যুৎ আমদানি বন্ধ করে দেয়। বেলারুশের কেন্দ্র নিয়ে সমালোচকদের দাবি, বারবার দীর্ঘ সময়জুড়ে বন্ধ থাকা ও গ্রিডে সংহত করার সমস্যা দেখা দিয়েছে। কেন্দ্র চালু হওয়াই শেষ কথা নয়। গ্রিড, কূটনীতি ও পরিচালন-সক্ষমতা মিলিয়েই সাফল্য।
তাহলে করণীয় কী? প্রথমত, বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে রাজনৈতিক ও প্রশাসনিক চাপমুক্ত, সত্যিকারের স্বাধীন ও সক্ষম করতে হবে। আইএইএ-র পর্যালোচনা-প্রতিবেদন প্রকাশ্যে আনতে হবে। দ্বিতীয়ত, জনসমক্ষে স্পষ্ট করতে হবে ব্যবহৃত জ্বালানি, শুল্ক ও ঋণের শর্ত। কারণ এর দায় প্রজন্মের পর প্রজন্ম বইতে হবে। তৃতীয়ত, পরিচালন ও রক্ষণাবেক্ষণে ধাপে ধাপে দেশীয় সক্ষমতা তৈরি করতে হবে এবং দক্ষ জনবল ধরে রাখার নীতি নিতে হবে। চতুর্থত, সমান মনোযোগ দিতে হবে গ্রিড আধুনিকায়ন, জ্বালানি-মিশ্রণে বৈচিত্র্য ও জরুরি প্রস্তুতিতে। রূপপুর স্তম্ভ হওয়া উচিত বহুমুখী জ্বালানি-কৌশলের একটি।
রূপপুরের আলো তখনই টেকসই হবে যখন সেই আলোর দায়, দায়িত্ব ও নিয়ন্ত্রণ আমাদের নিজেদের হাতে থাকবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।